মাদারীপুরে যুবককে কুপিয়ে জখম
সজল শেখ এলাকার একটি সেনেটারি দোকানে ম্যানেজার হিসেবে কাজ করেন।
মাদারীপুরে সদর উপজেলায় দোকানে ঢুকে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত ১০টার দিকে সদর উপজেলার পশ্চিম রাস্তি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী
আহত সজল শেখ (২৫) সদর উপজেলার পূর্বরাস্তি গ্রামের মুন্নু শেখের ছেলে। তিনি ওই এলাকার ইকবাল মাতুব্বরের সেনেটারি দোকানে ম্যানেজার হিসেবে কাজ করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে ব্যবসার কাজের হিসাব-নিকাশ করছিলেন সজল। হঠাৎ ৫-৭ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। তারা এলোপাথাড়ি কুপিয়ে সজলকে গুরুতর আহত করে।
এ সময় সজলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।
ওসি মনোয়ার জানান, এই ঘটনায় জড়িত বেশ কয়েকজনের নামও পাওয়া গেছে। ভুক্তভোগী বা তার স্বজনদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]
