১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রাজশাহীতে এমটিএফই প্রতারণা মামলায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে

বুধবার রাতে নওগাঁ ও রাজশাহীতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করেন পিবিআই সদস্যরা।

রাজশাহীতে এমটিএফই প্রতারণা মামলায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে

রাজশাহী ও নওগাঁ থেকে এমটিএফই অ্যাপ প্রতারণায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পিবিআই।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2023, 06:51 PM

Updated : 24 Aug 2023, 08:15 PM

এমটিএফই অ্যাপ ব্যবহার করে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে রাজশাহীতে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তিকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। 

বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হলে বিচারক তাদের জেলহাজতে পাঠিয়েছেন বলে জানান রাজশাহীর পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। 

এর আগে বুধবার রাতে নওগাঁ ও রাজশাহীতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করেন পিবিআই সদস্যরা। 

গ্রেপ্তার দুজন হলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলার মহাদেবপুর গ্রামের লতিফুর বারী (৪২) এবং রাজশাহীর মোহনপুর উপজেলার বিষহারা গ্রামের দিপেন্দ্রনাথ সাহা (৪৩)। এদের মধ্যে দিপেন্দ্রনাথ মোহনপুর উপজেলার একটি স্কুলের শিক্ষক। 

বিপ্লব বিজয় তালুকদার বলেন, “এমটিএফই অ্যাপ ব্যবহার করে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে গত ২৩ জুলাই আদালতে একটি মামলা হয়। আদালতের নির্দেশে ওই মামলাটি রাজপাড়া থানায় রেকর্ড করে তিনটি সংস্থা তদন্ত শুরু করে। ওই মামলায় এখন পর্যন্ত এই দুইজনকেই গ্রেপ্তার করা হয়েছে। 

“গ্রেপ্তার দুজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছি। আশা করছি খুব দ্রুত তাদের পেয়ে যাব।” 

এমটিএফইর আগে আলটিমা উইলেট নামের আরেকটি অ্যাপ বন্ধ হয়ে যায় জানিয়ে পুলিশ কমিশনার বলেন, “সেখানেও অনেকে প্রতারণার শিকার হয়েছিলেন। এ নিয়ে গত ২৬ জুন বোয়ালিয়া থানার একটি মামলা হয়। সে মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।”

গত ১৬ অগাস্ট বন্ধ হয়ে যায় মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ গ্রুপ বা এমটিএফই নামের দুবাইভিত্তিক অনলাইন প্রতিষ্ঠানটি। এটি অনলাইনে এমএলএম ব্যবসা শুরু করেছিল। রাজশাহীসহ সারা দেশে এই প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও সিইও নিয়োগ দেওয়া হয়েছিল। 

এমটিএফই অ্যাপে বিনিয়োগ নিয়ে পত্রপত্রিকায় খবর প্রকাশিত হলে ২৩ জুলাই আইনজীবী জহুরুল ইসলাম রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন।

এতে ‘এমটিএফই’ ছাড়াও ‘আলটিমা উইলেট’ অ্যাপের মাধ্যমে প্রতারণার কথা উল্লেখ করা হয়।

আদালতের বিচারক জিয়াউর রহমান আরজিটি মামলা হিসেবে রেকর্ড করার জন্য নগরের রাজপাড়া থানার ওসি তদন্তের নির্দেশ দেন। একই সঙ্গে তিনটি সংস্থার তিনজন কর্মকর্তাকে যৌথভাবে এই মামলা তদন্তের নির্দেশ দিয়েছিলেন। পর দিন মামলাটি থানায় রেকর্ড করা হয়। 

রাজপাড়া থানার উপপরিদর্শক নূর ইসলাম, সিআইডির উপপরিদর্শক মোস্তাফিন ও পিবিআইয়ের উপপরিদর্শক শিমুল যৌথভাবে মামলাটি তদন্ত করছেন।

আরও পড়ুন:

পুরানো খবর:

এমটিএফই প্রতারণা: কুমিল্লায় নিঃস্ব কয়েকশ যুবক

পুরানো খবর:

টাকা বানানোর ‘ভার্চুয়াল মেশিনে’ নিঃস্ব মানুষ, দেখবে কে?