এসএসসির পর এইচএসসি পরীক্ষায়ও মা-মেয়ে একসঙ্গে
বিয়ের পর পড়াশোনা বন্ধ হলেও মারুফা মনে পুষে রেখেছিলেন অদম্য ইচ্ছে।
নীলফামারীর ডিমলায় একসঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া মা-মেয়ে এইচএসসি পরীক্ষায়ও বসেছেন।
রোববার থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ৩৫ বছর বয়সী মারুফা আক্তার এবং তার মেয়ে শাহী সিদ্দিকা।
মা-মেয়ে দুজনই উপজেলার শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষার্থী।
খোঁজ নিয়ে জানা যায়, ২০২০ সালে মেয়ের সঙ্গে এসএসসি পরীক্ষাও দেন মা। সে পরীক্ষায় মেয়ে শাহী সিদ্দিকার চেয়েও ভালো রেজাল্ট করেছিলেন মারুফা। মেয়ে জিপিএ-৩ আর মা পেয়েছিলেন জিপিএ-৪ দশমিক ৬০ পয়েন্ট। তারপর তারা একই কলেজে ভর্তি হন।
মারুফা কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে ডিমলা বিএম কলেজ কেন্দ্রে এবং মেয়ে শাহী দিনাজপুর শিক্ষা বোর্ডের অধিনে বিজ্ঞান শাখা থেকে ডিমলা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন।
ডিমলা উপজেলার পুন্যারঝার গ্রামের মাছ ব্যবসায়ী সাইদুল ইসলামের স্ত্রী মারুফা আক্তার। ২০০৩ সালে দশম শ্রেণিতে পড়া অবস্থায় অভিভাবকদের ইচ্ছেতে মাত্র ১৫ বছর বয়সে তাকে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছিল।
বিয়ের পর পড়াশোনা বন্ধ হলেও মারুফা মনে পুষে রেখেছিলেন অদম্য ইচ্ছে।
এরই মধ্যে একে একে কোলে আসে চারটি সন্তান; লালন-পালনে কেটে যায় দীর্ঘ ১৫টি বছর।
সন্তানদের মধ্যে শাহী সিদ্দিকা সবার বড়। বড় ছেলে দশম শ্রেণির শিক্ষার্থী। তৃতীয় সন্তান অষ্টম এবং সবার ছোট মেয়ে পড়ছে পঞ্চম শ্রেণিতে।
বড় মেয়ে শাহী নবম শ্রেণিতে পড়া অবস্থায় মা মারুফারও ইচ্ছে জাগে পড়াশোনা শুরু করার।
জানতে চাইলে তিনি বলেন, “২০০৩ সালে মাধ্যমিক পরীক্ষার্থী ছিলাম। পড়াশোনার প্রতি আমার আগ্রহ থাকলেও পরীক্ষার আগেই বিয়ে হয় আমার। বিয়ের পর চার সন্তানকে লালন-পালন করতে গিয়ে নিজের পড়ার কথা ভাবার সময়ই হয়নি। এরপর নিজের ইচ্ছা ও স্বামী-সন্তানদের অনুপ্রেরণায় নবম শ্রেণিতে ভর্তি হই। সেবার মেয়েও নবম শ্রেণির শিক্ষার্থী। এরপর ২০২০ সালে মা-মেয়ে একই সঙ্গে মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হই। তারপর একই কলেজ।
“মেয়ে বিজ্ঞান শাখায় আর আমি বিএম শাখা থেকে একসঙ্গে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছি।”
এবারও ভালো ফলাফলে আশাবাদী চার সন্তানের জননী মারুফা আক্তার।
তিনি বলেন, “সমাজের আর দশজন মানুষের মতো নিজেকে যেন একজন শিক্ষিত মানুষ হিসেবে পরিচয় দিতে পারি সেজন্য এ বয়সেও লেখাপাড়া চালিয়ে যাচ্ছি। সন্তানদেরকেও এগিয়ে নিচ্ছি। ”
মারুফার স্বপ্ন এইচএসসিতে ভালো ফলাফল করে কলেজের গণ্ডি পেরিয়ে দেশের স্বনামধন্য কোনো বিশ্ববিদ্যালয়ের আঙিনায় প্রবেশ করা।
মেয়ে শাহী সিদ্দিকা বলেন, “আমার মা অনেক মেধাবী। সংসারসহ আমাদের চার ভাইবোনকে সমালানোর পরও মা অনেক কষ্ট করে লেখাপাড়া চালিয়ে যাচ্ছেন।”
মারুফা আক্তারের স্বামী সাইদুল ইসলাম (৪০) বলেন, “আমি আমার স্ত্রীর ইচ্ছার মর্যাদা দিয়েছি। সে যতদূর পড়তে চায় আমি সহযোগিতা করবো। তার লেখাপড়ায় যেন কখনো কোনো প্রতিবন্ধকতা না আসে সে জন্য আমি সব সময় সজাগ আছি।”
উপজেলার শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হাফিজুর রহমান বলেন, “বিষয়টি একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। ইচ্ছাশক্তি থাকলে লেখাপড়ায় বয়স কখনো কোনো বাধা নয়। মারুফা আক্তারের ইচ্ছাশক্তি অনেককে অনুপ্রাণিত করবে।”
মা-মেয়ে দুজনের সাফল্য কামনা করেন অধ্যক্ষ হাফিজুর রহমান।
