১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মহেশখালীতে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

ছোট মহেশখালী ইউনিয়নের মোহাম্মদপুর তেলিপাড়ায় দুইটি বসতঘরও ভস্মীভূত হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2022, 10:54 PM

Updated : 14 Nov 2022, 11:10 PM

কক্সবাজারের মহেশখালীতে বসতঘরে অগ্নিকাণ্ডে এক শিশু নিহত হয়েছে; এ ছাড়া দুটি বসতঘর ভস্মীভূত হয়েছে।

মহেশখালী থানার ওসি প্রনব কুমার চৌধুরী জানান, দুপুর আড়াইটায় ছোট মহেশখালী ইউনিয়নের মোহাম্মদপুর তেলিপাড়ায় এ ঘটনা ঘটে। 

নিহত আহাম্মদ হোসেন সাবিত (৬) মোহাম্মদপুর তেলিপাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাতে প্রনব বলেন, সোমবার দুপুরে মোহাম্মদ হোসেনের স্ত্রী বাড়ির বাইরে অবস্থান করছিলেন। তাদের ছেলে শিশু আহাম্মদ হোসেন সাবিত ঘরে একা ছিল।

"এ সময় ঘরে আগুন ধরে যায় এবং মোহাম্মদ হোসেনের বাড়ি সংলগ্ন তার এক ভাইয়ের ঘরেও ছড়িয়ে পড়ে।”

ওসি জানান, মহেশখালী উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে ১৫/২০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ঘরে তল্লাশি চালানোর সময় খাটের নিচ থেকে আহাম্মদ হোসেন সাবিতের মৃতদেহ উদ্ধার করা হয়।

ঘরে আগুন ধরার পর সাবিত ভয়ে খাটের নিচে আশ্রয় নিয়েছিল বলে ধারণা করা হচ্ছে, বলেন ওসি।

ওসি প্রনব আরও জানান, আগুনে মোহাম্মদ হোসেন এবং তার এক ভাইয়ের বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। প্রাথমিকভাবে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে।

সোমবার বিকালে মহেশখালীর ইউএনও মো. ইয়াছিন, ওসি প্রনব কুমার চৌধুরী ও ছোট মহেশখালী ইউপি চেয়ারম্যান মাঈদুল ইসলাম রিয়ান সিকদারসহ প্রশাসনের সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইউএনও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী দিয়েছেন।