১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আমরা ক্ষমতা ছাড়তে ভয় পাই না: কৃষিমন্ত্রী

বিএনপি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থেকে নিজের কবর নিজে খুঁড়েছে, মন্তব্য করেন আব্দুর রাজ্জাক।

আমরা ক্ষমতা ছাড়তে ভয় পাই না: কৃষিমন্ত্রী

ভোলার চরফ্যাশনে ব্রজগোপাল টাউন হলে সুধী সমাবেশে বক্তব্য রাখছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2023, 06:12 PM

Updated : 31 Aug 2023, 08:19 PM

আওয়ামী লীগ ক্ষমতা ছাড়তে ভয় পায় না জানিয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, “জনগণ যদি ভোট দেয় আমরা আবার ক্ষমতায় যাব। যদি ভোট না দেয় ২০০১ সনের মত আমরা স্যালুট দিয়ে ক্ষমতা ছেড়ে দেব।”

বৃহস্পতিবার দুপুরে ভোলার চরফ্যাশনে নতুন হার্টিকালচার ও টিস্যুকালচার সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে স্থানীয় ব্রজগোপাল টাউন হলে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “বিএনপি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থেকে সন্ত্রাস, টেন্ডারবাজি, চাঁদাবাজি করে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। তখন আমরা বলেছি, ‘তোমরা তোমাদের কবর খুঁড়ছ। সেই কবরে তোমাদেরই পড়তে হবে।’

“আমি মনে করি, বিএনপি সেই কবরেই আছে। গত ১৫ বছরে বিএনপি সেই কবর থেকে উঠতে পারেনি আগামী দিনেও উঠতে পারবে না।”

আগামী ২ সেপ্টেম্বর ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে ‘তরঙ্গ সৃষ্টি হবে’ বলেও ঘোষণা দেন রাজ্জাক। বলেন, “সেই তরঙ্গে বিএনপি জামায়াতের সব ষড়যন্ত্র ভেসে যাবে।”

সুধী সমাবেশে যুবও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ।

চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী, জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানও।

কৃষি বিভাগের প্রকল্প পরিচালক মেহেদী মাসুদ, কৃষি মন্ত্রণালয়ের উপ সচিব মুনসুর আলম খান, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, পৌর মেয়র মো, মোরশেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহম্মেদ শুভ্রও এ সময় উপস্থিত ছিলেন।

সমাবেশর আগে পূর্বে মন্ত্রী উপজেলার জাহানপুরে ৮৫ কোটি টাকা ব্যয়ের নতুন হার্টিকালচার ও টিস্যুকালচার সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।