শেরপুরে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৬
বর্তমানে জেলায় হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৯ জনে দাঁড়িয়েছে।
শেরপুরে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় আরও ছয়জন জেলা সদর হাসপাতালে ভর্তি হওয়ায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে।
এ পর্যন্ত তিনজনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার সকালে শেরপুরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহিন বলেন, “গত ৩০ মার্চ থেকে ১৪ মে বৃহস্পতিবার পর্যন্ত জেলায় হামের উপসর্গ নিয়ে ১৪৯ রোগী চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে ১০১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
“এর মধ্যে ৮৯টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং তিনজন রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে।”
তিনি বলেন, “এ পর্যন্ত ৫২ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে ৩৯ জন হাসপাতালে ভর্তি আছেন। অন্যরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।”
সিভিল সার্জন মুহাম্মদ শাহিন বলেছেন, “কারও মধ্যে হামের উপসর্গ দেখা দিলে তাকে আলাদা রাখতে হবে।”
পাশাপাশি মাস্ক ব্যবহার, নিয়মিত হাত ধোয়া ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।
