মহাসড়কে কর্মস্থলে ফেরা মানুষের চাপ, যমুনা সেতুতে গাড়ির দীর্ঘ সারি
রাত সাড়ে ৮টার দিকেও সেতুর উভয় পাশে অন্তত পাঁচ কিলোমিটার করে যানবাহনের সারি পড়েছে।
ঈদের ছুটি শেষে কর্মস্থল ঢাকায় ফিরছে মানুষ। আবার ঢাকা থেকে উত্তরের জেলাগুলোতে যানবাহনের চাপও বেড়েছে। এ অবস্থায় যমুনা সেতুর উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।
শুক্রবার সকাল থেকে দিনভর থেমে থেমে এমন অবস্থা দেখা গেছে। সেতুর ওপর দুর্ঘটনার কারণে এ অবস্থা তৈরি হয়েছে বলে দাবি সেতু কর্তৃপক্ষ।
যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম বলেন, ঢাকামুখী যানবাহনের প্রচুর চাপ থাকলেও সেতুর পশ্চিমপাড়ে উত্তরাঞ্চলমুখী যানবাহনের তেমন চাপ নেই। সেতুর ওপর একাধিক দুর্ঘটনা ও ঢাকামুখী যানবাহনে প্রচুর চাপ থাকায় মাঝে মাঝে টোল আদায় বন্ধ রাখতে বাধ্য হচ্ছে সেতু কর্তৃপক্ষ।
যমুনা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী অনেক লোকাল বাস সেতুর ওপরে এসে নষ্ট হয়ে যাচ্ছে। সেগুলো সরিয়ে রাস্তা সচল রাখা কষ্টকর হচ্ছে। আবার ঢাকামুখী পথে প্রচুর চাপ রয়েছে। এ কারণে সেতুর দুপাশে দিনভর লম্বা সারি ছিল।
তিনি বলেন, রাতেও একই অবস্থা বিরাজ করছে। রাত সাড়ে ৮টার দিকেও সেতুর উভয়পাশে অন্তত পাঁচ কিলোমিটার করে যানবাহনের সারি পড়েছে; যার প্রভাব পড়েছে সেতুর ওপরেও। যে কারণে মাঝে মধ্যে টোল আদায় বন্ধ রাখতে হচ্ছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
