Published : 18 Jul 2026, 12:08 PM
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বন্দি পালানোর ঘটনায় তিন মেট্রন ও চার মহিলা কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি।
দায়িত্বে অবহেলার প্রাথমিক তথ্য পাওয়ায় ভিত্তিতে ওই সাতজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ।
সাময়িক বরখাস্তরা হলেন- মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।
বন্দি পালানোর ঘটনায় শুক্রবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান এআইজি মো. জান্নাতুল ফরহাদ।
তিনি বলেন, “নারী বন্দি পলায়ন ঘটনার তদন্তে শুক্রবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুনকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তাদের ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।”
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের ভেতরে কয়েকজন নারী বন্দিকে দিয়ে ইট বহনের কাজ করানো হচ্ছিল। এক পর্যায়ে এক নারী বন্দি কারাগারের অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান।
পালিয়ে যাওয়া রিম্পা (২১) মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডি থানার একটি সিআর মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন। গত ৯ জুলাই আদালত থেকে তাকে এ কারাগারে পাঠানো হয়েছিল।
ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ পুরো কারাগারে তল্লাশি চালালেও রিম্পার কোনো সন্ধান পায়নি। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায় যে তিনি কারাগার থেকে পালিয়ে গেছেন।
এআইজি জান্নাতুল ফরহাদ বলেন, এতো নিরাপত্তার মধ্যেও একজন বন্দি কারাগার থেকে কিভাবে পালালো তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর কোনাবাড়ি থানায় মামলা হয়েছে। পলাতক বন্দিকে দ্রুত গ্রেপ্তারে পুলিশ ও সংশ্লিষ্ট আইন—শৃঙ্খলা বাহিনী কাজ করছে।
আগের সংবাদ -