Published : 17 Jul 2026, 11:35 PM
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক বন্দি পালিয়ে গেছেন।
এ ঘটনায় শুক্রবার কারাগারের জেলার শিরীন আক্তার বাদী হয়ে মামলা করেছেন বলে কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন জানান।
পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পা (২১) মেহেরপুর জেলার গাংনী থানার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে।
তিনি ঢাকার ধানমন্ডিতে ভ্রাম্যমাণ আদালতের দেওয়া তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। ৯ জুলাই তাকে কারাগারে পাঠানো হয়। তিনি কারওয়ান বাজার এলাকায় বসবাস করতেন।
মামলার বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে বন্দি রিম্পাকে আর কারাগারে খুঁজে পাওয়া যায়নি।
ওসি ইফতেখার হোসেন বলেন, পালিয়ে যাওয়া বন্দিকে গ্রেপ্তারে অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে।
এআইজি প্রিজন্স জান্নাতুল ফেরদৌস বলেন, “আমাদের টিম কাজ করছে। তারা একটি ‘ক্লু’ পেয়েছে। কোনাবাড়ি এলাকার এক ব্যক্তির মোবাইল ফোন থেকে ওই নারী তার বাড়িতে কথা বলেছেন। এর সূত্র ধরে অভিযান চলছে।”