বন্ধুর বিয়ের জন্য দেশে এসেছিলেন, প্রাণ গেল বাসের ধাক্কায়
সোহেল মোটরসাইকেল পার্কিং করে বরিশালের গৌরনদীর বটতলা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে দাঁড়ানো ছিলেন।
বরিশালের গৌরনদীতে মোটরসাইকেল নিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক যুবক বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন। বন্ধুর বিয়েতে অংশ নিতে সম্প্রতি তিনি কুয়েত থেকে দেশে এসেছিলেন।
মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গৌরনদী মহাসড়ক থানার ওসি মো. মহসিন হোসেন।
নিহত সোহেল ফকির (২৪) উপজেলার খাঞ্জাপুর গ্রামের বাসিন্দা সামু ফকিরের ছেলে।
নিহতের স্বজন পান্নু মৃধা বলেন, সোহেলের ছোটবেলার বন্ধু একই গ্রামের বাসিন্দা ফয়সাল হাওলাদার। গত ১৯ জুন তার বিয়ে হয়েছে। ওই বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে ১০ দিন আগে সোহেল কুয়েত থেকে দেশে এসেছে।
গৌরনদী মহাসড়ক থানার ওসি মহসিন হোসেন বলেন, দুপুরে সোহেল মোটরসাইকেল পার্কিং করে বটতলা এলাকার মহাসড়কের পাশে দাঁড়ানো ছিল। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী বেপরোয়া গতির তাজবি পরিবহন সোহেলকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়েছে।
ওসি আর বলেন, দুর্ঘটনার পর দ্রুত ব্যবস্থা নিয়ে বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
