১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত

নবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ি পরিদর্শক মনিরুল ইসলাম জানান।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2026, 12:07 AM

Updated : 26 Aug 2026, 03:38 PM

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার যাত্রী।

সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ি পরিদর্শক মনিরুল ইসলাম জানান। 

নিহতরা হলেন- চৌদ্দগ্রাম পৌর এলাকার বালুজুড়ি গ্রামের নুর ইসলাম মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (৪২) এবং তাদের মেয়ে নুসরাত জাহান (৪)। 

আহতরা হলেন- উপজেলার নাটাপাড়া গ্রামের জাফর আহম্মেদের স্ত্রী মমতাজ বেগম, একই গ্রামের ফুল মিয়ার স্ত্রী সাফিয়া বেগম, এতিম আলীর স্ত্রী কহিনুর বেগম এবং অটোরিকশার চালক নিজাম উদ্দিন।

মিয়াবাজার হাইওয়ে পুলিশের সার্জেন্ট আবদুল জাব্বার বলেন, পাঁচজন দুপুরে চৌদ্দগ্রাম বাজারে বাজার-সদাই শেষে অটোরিকশায় উঠে বাড়ি ফিরছিলেন। পথে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান জেসমিন আক্তার। 

সবাইকে স্থানীয়রা চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের কুমিল্লা শহরের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

এর মধ্যে গুরুতর আহত শিশু নুসরাত জাহানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সে মারা যায়।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল হাসান বলেন, জেসমিন আক্তার হাসপাতালে আনার আগেই মারা গেছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লায় পাঠানো হয়।

মিয়াবাজার হাইওয়ে থানার পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, “প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।”