১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে সুব্রত হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার, রহস্য উদঘাটন

গত ১৩ অক্টোবর দুপুরে সুবর্ণচরের পশ্চিম চরজুবলী এলাকায় পাকা সড়কে সুব্রত চন্দ্র দাসের রক্তাক্ত লাশ পাওয়া যায়।

নোয়াখালীতে সুব্রত হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার, রহস্য উদঘাটন
পুলিশের হাতে গ্রেপ্তার নূর মোহাম্মদ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2025, 04:56 PM

Updated : 26 Aug 2026, 02:30 PM

নোয়াখালীর সুবর্ণচরে সুব্রত চন্দ্র দাসকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে গণমাধ্যমে সংবাদ হলেও মূলত মোটরসাইকেলের বাম্পার ও স্ট্যান্ডের আঘাতে গলা কেটে তার মৃত্যু হয়েছে বলে দাবি পুলিশের।  

উপজেলার পশ্চিম চরজুবলীতে সংঘটিত এ হত্যার মামলার মূল আসামিকে গ্রেপ্তারের পর রহস্য উদঘাটনের এ কথা জানিয়েছেন সুবর্ণচরের চরজব্বর থানার ওসি শাহীন মিয়া। 

গ্রেপ্তার নূর মোহাম্মদ (৫৭) চরজুবলী ইউনিয়নের মধ্যম বাগ্যা গ্রামের প্রয়াত আলী আহম্মদের ছেলে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের উত্তর ওয়াপদা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

চরজব্বর থানার ওসি শাহীন মিয়া বলেন, গত ১৩ অক্টোবর দুপুরে উপজেলার চর আমান উল্ল্যা গ্রাম থেকে স্ত্রী রিক্তা দাসকে আনার জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন সুব্রত চন্দ্র দাস (৪৭)। 

পরে পশ্চিম চরজুবলী এলাকায় জনৈক রাজ্জাক সওদাগরের ধানী জমির উত্তর পাশে পাকা সড়কে তার রক্তাক্ত লাশ পাওয়া যায়। 

এ ঘটনায় থানায় মামলা করার পর পুলিশের একাধিক টিম দ্রুত অভিযান শুরু করে। 

সুব্রত চন্দ্র দাস। 

সুব্রত চন্দ্র দাস।

প্রাথমিক তদন্ত ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের মূল আসামি হিসেবে নূর মোহাম্মদকে শনাক্ত ও গ্রেপ্তার করে পুলিশ।

নূর মোহাম্মদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে ওসি বলেন, সেদিন এক শিশুসহ  নিজের মোটরসাইকেলে একই পথ ধরে যাচ্ছিলেন নূর মোহাম্মদকে। 

একই সময়ে পশ্চিম চরজুবলী এলাকায় ভুক্তভোগী সুব্রত একটি সিএনজিচালিত অটোরিকশাকে অতিক্রম করার চেষ্টা করছিলেন। কিন্তু সামনে থেকে আসা দ্রুতগামী মোটরসাইকেল দেখে হঠাৎ ব্রেক করার কারণে মোটরসাইকেলসহ তিনি সড়কে পড়ে যান। 

“কিন্তু গতি সামলাতে না পেরে সড়কে পড়ে যাওয়া সুব্রতকে চাপা দিয়ে চলে যায় বিপরীত দিক থেকে আসা নূর মোহাম্মদের মোটরসাইকেল। এ সময় মোটরসাইকেলের বাম্পার ও স্ট্যান্ডে আঘাতপ্রাপ্ত হয়ে সুব্রতর গলা কেটে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।”

গ্রেপ্তার আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিবেন বলে পুলিশকে জানিয়েছেন। তবে মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।