Published : 18 Feb 2026, 12:14 AM
শরীয়তপুরের ডামুড্যায় ‘মাছ চুরির’ অপবাদ দিয়ে যুবককে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
মঙ্গলবার বিকালে আহতের বড় বোন বাদী হয়ে মামলাটি করেছেন বলে জানিয়েছেন ডামুড্যা থানার ওসি মো. রবিউল হক।
মামলায় শরীয়তপুর পৌর যুবদলের সহ-সভাপতি ও মৎস্য ঘেরের মালিক শাহীন মাদবর, কর্মচারী জিসান ফকিরসহ আরো অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করা হয়েছে।
রোববার সকালে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের ইকুরি এলাকায় শাহীন মাদবরের মাছের ঘেরে সেলিম পাইককে (৩২) নির্যাতনের এ ঘটনা ঘটে। তাকে নির্যাতনের একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আহত সেলিম ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অর্থের অভাবে এই দিনমজুর সঠিক চিকিৎসা পাচ্ছে না বলেও জানিয়েছেন স্বজনরা।
সেলিম পাইকের বোড় বোন ও মামলার বাদী মাকসুদা বেগম বলেন, সঠিক সময়ে চিকিৎসা না পেলে তার ডান পাটি কেটে ফেলতে হবে চিকিৎসকরা শঙ্কার কথা জানিয়েছেন।
এদিকে পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে না পারায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কনেশ্বর ইউনিয়নের যুবদলের সভাপতি ইব্রাহীম মিয়া বলেন, আহত ছেলেটা মুলত নিরীহ ও প্রতিবন্ধি। তার কোনো অভিভাবকও নেই। ছেলেটাকে যেভাবে মারধর করেছে, তা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। আমরা এর শাস্তির দাবি করছি।”
আগের সংবাদ