২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: বরিশালে প্রাণ গেল আরও দুই জনের

বরিশাল বিভাগের ছয় জেলায় নতুন করে আরও ১০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

ডেঙ্গু: বরিশালে প্রাণ গেল আরও দুই জনের
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2025, 08:10 PM

Updated : 26 Aug 2026, 01:16 PM

বরিশালে ডেঙ্গু জ্বরে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বিভাগের ছয় জেলায় নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১০৫ জন।

শুক্রবার দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য দিয়েছেন।

মৃতরা হলেন- বরগুনার বেতাগী উপজেলার কালিকাবাড়ি এলাকার বাসিন্দা আ. করিম (৫০) এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রাজপাড়া এলাকার মো. ইউসুফ খন্দকার (৭২)। 

এর মধ্যে আ. করিম বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ইউসুফ খন্দকার কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

চিকিৎসক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, “বর্তমানে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা উদ্বেগ ও আশঙ্কাজনক। চিকিৎসার চেয়ে প্রতিরোধ জরুরি। মশার বিস্তার রোধে বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মশার কামড় থেকে নিজেকে রক্ষায় ব্যবস্থা নিতে হবে।”

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরু থেকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। বছরের শুরু থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন চার হাজার ৩০৫ জন। এর মধ্যে চিকিৎসা নিচ্ছেন ৪৩৫ জন। আর মৃত্যু হয়েছে ১১ জনের। 

এর মধ্যে বরগুনায় ছয়জন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চারজন এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে মারা গেছে বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।