Published : 30 Apr 2026, 05:30 PM
রংপুরে অনলাইনে এসএসসির ভুয়া প্রশ্নপত্র বিক্রির মাধ্যমে প্রতারণার অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে রংপুর নগরীর শালবন এলাকার আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন একটি মেসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে বিকালে জানান রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।
তিনি বলেন, চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে একটি চক্র অনলাইনে ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে প্রতারণা করে আসছে- এমন তথ্যে পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখা বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করে এবং রংপুর মহানগর এলাকায় সংশ্লিষ্ট এক প্রতারকের অবস্থান শনাক্ত করে।
পরবর্তীতে ওই মেসে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীকে তার ব্যবহৃত ডিজিটাল ডিভাইসসহ আটক করা হয়।
শিশু আইনের বিধান অনুযায়ী ওই শিক্ষার্থীর নাম ও বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শিক্ষার্থী অনলাইনে ভুয়া প্রশ্নপত্র বিক্রির মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছে বলেও জানান উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।
তিনি বলেন, আটক শিক্ষার্থীর ব্যবহৃত স্মার্টফোনে এ সংক্রান্ত কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে এবং বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টেও সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য মিলেছে।
অনলাইনে প্রতারণার অভিযোগে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।