১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গায় ‘শ্বাসনালীতে দুধ আটকে’ তিন মাস বয়সি শিশুর মৃত্যু

বাবা মেয়েকে কোলে নিলে শিশুটির শরীর অস্বাভাবিক মনে হয়। দেখা যায় শিশুটির মুখমণ্ডল কালচে হয়ে গেছে এবং হাত-পা নিস্তেজ হয়ে পড়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2026, 01:02 PM

Updated : 11 Sep 2026, 03:30 PM

চুয়াডাঙ্গার জীবননগরে ‘শ্বাসনালীতে দুধ আটকে’ তিন মাস বয়সি এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার ভোরে জীবননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে জানান জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তৌহিদুল ইসলাম।

মারা যাওয়া মেঘলা ঘোষ ওই এলাকার প্রাইমারি স্কুলপাড়ার বাসিন্দা মাধু ঘোষ ও সরস্বতী ঘোষ দম্পতির ছোট মেয়ে।

শিশুটির মায়ের বরাতে স্বজনরা জানান, সর্বশেষ শনিবার ভোর প্রায় ৪টার দিকে তিনি মেঘলাকে বুকের দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেন। পরে ভোরের দিকে শিশুটির বাবা ঢাকা থেকে বাড়িতে ফিরেন। 

তখন তিনি মেয়েকে কোলে নিলে শিশুরটির শরীর অস্বাভাবিক মনে হয়। দেখা যায় শিশুটির মুখমণ্ডল কালচে হয়ে গেছে এবং হাত-পা নিস্তেজ হয়ে পড়েছে।

পরে দ্রুত শিশুটিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তৌহিদুল ইসলাম বলেন, “ভোরে তিন মাস বয়সী কন্যা শিশুটিকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায় হাসপাতালে আনার প্রায় ১ থেকে ২ ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে।

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসনালীতে দুধ আটকে যাওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে।”

এ বিষয়ে জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, “শিশুটির মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।”