Published : 18 Jun 2026, 08:58 PM
মানিকগঞ্জ সদর উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপ চালক ও সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কে উপজেলার মূলজান এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মানিকগঞ্জ সদর থানা ওসি মো. মনির হোসেন।
নিহতরা হলেন- ঢাকার সাভার উপজেলার মো. আলমের ছেলে পিকআপ চালক রাসেল মিয়া এবং চালকের সহকারী একই উপজেলার মো. কাওছারের ছেলে মো. আরাফাত।
আহত দুইজন সদর হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
গোলড়া হাইওয়ে থানার ওসি মো. সেলিম মাতবর বলেন, সন্ধ্যার দিকে পাটুরিয়াগামী মুরগী বহনকারী একটি খালি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই পিকআপ চালক ও সহকারী মারা যান। স্থানীয়রা পিকআপে থাকা দুই শ্রমিককে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।
তিনি বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।