বরিশালে ফেন্সিডিলসহ গ্রেপ্তারের ১২ বছর পর ২ জনের যাবজ্জীবন
২০১৪ সালের ২০ সেপ্টেম্বর ২০৯ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করেছিল র্যাব।
বরিশাল নগরে ফেন্সিডিলসহ গ্রেপ্তারের ১২ বছর পর দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার বরিশালের অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. মিল্টন হোসেন আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে বলে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) তারেক আল ইমরান জানিয়েছেন।
দণ্ড পাওয়ারা হলেন- পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরশিবা পণ্ডিতবাড়ির বাসিন্দা আজাহার আলী পণ্ডিতের ছেলে মো. শাহাদাৎ হোসেন পণ্ডিত (৪৭) এবং একই উপজেলার চরকপালবেড়া এলাকার আব্দুল বারেক হাওলাদারের ছেলে জলিল হাওলাদার (৪৬)।
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ বলেন, ২০১৪ সালের ২০ সেপ্টেম্বর তৎকালীন র্যাব-৮ এর একটি দল নগরের নতুনবাজার এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করে। সেই সময় ২৫ বোতল ফেন্সিডিলসহ শাহাদাৎ ও জলিলকে আটক করা হয়।
পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী নগরের উত্তর আলেকান্দা এলাকার ভাড়া বাসা থেকে আরও ১৮৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় বলে জানান তিনি।
এ ঘটনায় র্যাবের (বর্তমানে এসআরবি) ডিএডি মশিউর রহমান বাদী হয়ে দুইজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।
পরে একই বছরের ৩ নভেম্বর কোতোয়ালি থানার তৎকালীন এসআই আব্দুর রহমান মুকুল দুইজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ।
পাঁচজনের সাক্ষ্য গ্রহণ শেষ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় বলে জানান তিনি।
