কানে হেডফোন, রেলপথ পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু
তিনি বিকাশের ময়মনসিংহ জোনের ম্যানেজার ছিলেন।
ময়মনসিংহে কানে হেডফোন লাগিয়ে রেলপথ পারাপারের সময় ট্রেনের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে।
শনিবার রাত পৌনে ১১ টার দিকে নগরীর কেওয়াটখালি রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. মহিউদ্দিন জানান।
নিহত ৪৪ বছর বয়সী গোলাম মওলা সুমন নগরীর শ্যামাচরণ রায় রোড এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি বিকাশের ময়মনসিংহ জোনের ম্যানেজারের দায়িত্বে ছিলেন।
ওসি মহিউদ্দিন বলেন, সুমন কেওয়াটখালি রেলক্রসিং এলাকায় রেললাইনের পাশে মোটরসাইকেলে বসে হেডফোন লাগিয়ে গান শুনছিলেন। এক পর্যায়ে তিনি রেললাইন পার হতে চাইলে আশপাশের লোকজন ট্রেন আসছে বলে তাকে থামতে বলেন। লোকজনের ডাকাডাকি কানে গেলে সুমন রেললাইনের কাছে মোটরসাইকেল থামিয়ে পেছনে তাকান।
“এ সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি আহত হন। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”
পরিবারের আবেদনের প্রেক্ষিতে সুমনের লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে রেল পুলিশের এ কর্মকর্তা জানান।
