Published : 31 Mar 2026, 07:44 PM
বর্ষা মৌসুমকে সামনে রেখে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে আগাম উদ্যোগ হিসেবে নারায়ণগঞ্জ সদর উপজেলায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে প্রশাসন।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, প্রতিবছর বর্ষা ও পরবর্তী সময়ে ডেঙ্গু ও এডিস মশাবাহিত রোগের প্রকোপ বাড়ে। এ কারণে এবার আগাম প্রস্তুতির অংশ হিসেবে মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, এবারের কার্যক্রমে শুধু সরকারি উদ্যোগের মধ্যে সীমাবদ্ধ না থেকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতেও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে স্কাউটস, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং ইউনিয়ন পরিষদের স্বেচ্ছাসেবকরা অংশ নিচ্ছেন।
অভিযানের অংশ হিসেবে প্রাথমিকভাবে নলখালি, বগডুমারি ও ওবদার খালে পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। খাল পরিষ্কারের পাশাপাশি মশা নিধনে প্রয়োজনীয় ওষুধ স্প্রে করা হবে।
পর্যায়ক্রমে সদর উপজেলার সাতটি ইউনিয়ন এবং জেলার অন্যান্য উপজেলাতেও এ ধরনের কার্যক্রম বাড়ানো হবে বলে জানান জেলা প্রশাসক।

তিনি বলেন, নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি হওয়ায় আগাম উদ্যোগ নেওয়া জরুরি। খালগুলো সচল রাখা গেলে জলাবদ্ধতা কমবে এবং মশার বিস্তারও নিয়ন্ত্রণে থাকবে।
বিশেষ করে শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা নদীর সঙ্গে সংযুক্ত চ্যানেলগুলো রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার ওপর জোর দেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
তিনি বলেন, কালিয়ানি খালের প্রায় পাঁচ কিলোমিটার অংশ পুনঃখননের জন্য সরকারি অনুমোদন পাওয়া গেছে। বরাদ্দ পেলেই খননকাজ শুরু হবে; যা পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখবে। সদর উপজেলার তিনটি খালের প্রায় ৪০০ মিটার এলাকায় এ অভিযান পরিচালিত হচ্ছে।
ধারাবাহিকভাবে আট থেকে আট দশমিক পাঁচ কিলোমিটার খাল পরিষ্কার ও খননের পরিকল্পনা রয়েছে; যা বর্ষার আগেই শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
কর্মসূচির শুরুতে উপস্থিত স্বেচ্ছাসেবকদের শপথ পাঠ করান জেলা প্রশাসক রায়হান কবির।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনও উপস্থিত ছিলেন।