Published : 11 Jun 2026, 03:17 PM
রংপুরের মিঠাপুকুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাকা ফেটে সড়কের পাশে খুঁটিতে ধাক্কা লেগে এক নারীর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন বাসের অন্তত ৩০ যাত্রী।
বুধবার রাতে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার দমদমা রহমান পাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মিঠাপুকুর থানার ওসি এরশাদ আহমেদ।
নিহত শামসুন্নাহার (৩৫) পীরগঞ্জ উপজেলার শানেরহাট এলাকার প্রথমভাঙ্গা গ্রামের খসড়ু মিয়ার স্ত্রী।
আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি এরশাদ আহমেদ বলেন, রংপুর নগরীর পাগলাপীর থেকে পীরগঞ্জগামী যাত্রীবাহী একটি বাস পথে বিকট শব্দে সামনের চাকা ফেটে সড়কের পাশে সাইনবোর্ডের খুঁটিতে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই এক নারী যাত্রী মারা যান। আহত হন আরও অন্তত ৩০ জন।
তিনি বলেন, খবর পেয়ে রাতেই আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।