১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে ‘ছেলের’ ছুরিকাঘাতে নিহত বাবা, আহত মা ও ভাই

চিৎকার শুনে পাশের কক্ষে থাকা স্ত্রী সখিনা বেগমসহ পরিবারের সদস্যরা ওই কক্ষে গিয়ে দেখতে পান, ছেলে শাকিল চৌধুরী তার বাবাকে পেটে ছুরিকাঘাত করছেন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Sep 2026, 02:39 PM

Updated : 17 Sep 2026, 02:54 AM

নরসিংদীর শিবপুর উপজেলায় ছেলের ছুরিকাঘাতে এক ব্যক্তির প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী ও ছেলে।

শুক্রবার ভোরে উপজেলার কান্দি পূর্বপাড়া গ্রামে নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে বলে শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া জানিয়েছেন।

নিহত ৬৫ বছর বয়সী আব্দুল বাছেদ মিয়া ভরতেরকান্দি (পূর্ব পাড়া) গ্রামের ইউনুস আলীর ছেলে। 

তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

ঘটনার পর নিহত বাছেদ মিয়ার ছেলে ৩৫ বছর বয়সী শাকিল চৌধুরী পালিয়ে গেছেন। তিনি পেশায় রাজমিস্ত্রীর শ্রমিক বলে জানিয়েছে পুলিশ। 

নিহতের পরিবারের সদস্যরা বলছেন, আব্দুল বাছেদ মিয়ার সঙ্গে ছেলের পারিবারিক কোনো বিরোধ ছিল না। বৃহস্পতিবার রাতে বাবা ও ছেলে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। 

শুক্রবার ভোরে চিৎকার শুনে পাশের কক্ষে থাকা স্ত্রী সখিনা বেগমসহ পরিবারের সদস্যরা ওই কক্ষে গিয়ে দেখতে পান, শাকিল তার বাবার পেটে ছুরিকাঘাত করছে। 

এ সময় বাধা দিতে গেলে মা সখিনা বেগম ও ভাই নুরুন্নবী রাশেদকে কুপিয়ে আহত করে শাকিল পালিয়ে যান। এতে আব্দুল বাছেদ ঘটনাস্থলেই মারা যান। 

ওসি কোহিনূর মিয়া বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং নিহতের ছেলেকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।”