চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন ভুক্তভোগী।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা।
ঘটনার তিন সপ্তাহ পর বুধবার সকালে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন মারধরের শিকার ব্যবসায়ী মনিরুজ্জামান উলুর জামাই শামিম শেখ।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মনিরুজ্জামান উলু টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জীবেশ বাড়ৈ ও তার লোকজনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করলে বিচারক সেটি নথিভুক্তের আদেশ দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শামিম শেখ বলেন, “আমার শ্বশুর মনিরুজ্জামান দীর্ঘদিন ধরে উপজেলার গোপালপুর এলাকায় খামার ও মাছের ঘেরের ব্যবসা করে আসছেন। ১৮ জুন শ্বশুর মনিরুজ্জামান ও শ্যালক জুয়েল মোটরসাইকেল করে ঘের থেকে টুঙ্গিপাড়ার দিকে আসছিলেন।
“পথে গোপালপুর এলাকার চাপড়াইল সেতুর ওপর গোপালপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রান্ত তালুকদার ও তার কয়েকজন সহযোগী তাদের পথরোধ করেন। পথ আটকানোর কারণ জানতে চাইলে প্রান্ত বলেন, ‘আপনারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। কিন্তু আমাদের কোনো সহযোগিতা করেন না। আমরা বিএনপির লোক, তাই এখানে ব্যবসা করতে হলে আমাদের টাকা দিতে হবে’।”
শামীম বলেন, “চাঁদা দিতে অস্বীকার করলে তাদের সঙ্গে আমার শ্বশুর ও শ্যালকের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ছাত্রদল নেতা প্রান্ত ইউনিয়ন বিএনপির সভাপতি জীবেশ বাড়ৈকে ফোন করেন।
“কিছুক্ষণ পর নসিমনে করে দেশি অস্ত্রসহ জীবেশ কয়েকজন লোক নিয়ে এসে তাদের ওপর হামলা চালায়। এতে আমার শ্বশুর মনিরুজ্জামান গুরুতর আহত হন। পরে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।”
তিনি বলেন, এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় গেলে মামলা নেয়নি পুলিশ। পরে গোপালগঞ্জ আদালতে মামলা আবেদন করা হলে বিচারক মামলাটি এফআইআর করার নির্দেশ দেন। প্রশাসনের কাছে সঠিক বিচার দাবি করেছেন তিনি।
এ ঘটনার পর থেকে বিএনপি নেতা জীবেশ ও তার লোকজন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করতেছে বলে অভিযোগ শামিম শেখের।
তবে এসব অভিযোগ অস্বীকার করে গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জীবেশ বাড়ৈ বলেন, “আমাকে হেয় প্রতিপন্ন করতে একটি মহল এসব কুৎসা রটাচ্ছে। মূলত এ ঘটনার জন্য আমি দায়ী না। তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।”
অভিযোগের বিষয়ে জানতে গোপালপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রান্ত তালুকদারের মোবাইলে কল করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
টুঙ্গিপাড়া থানার ওসি মো. খোরশেদ আলম বলেন, আদালতের নির্দেশে মামলাটি রেকর্ড করা হয়েছে। ঘটনার তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।
