নোয়াখালীতে বাইক দুর্ঘটনায় ২ ভাই নিহত
এ সময় আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সহোদর দুই ভাই নিহত হয়েছেন। এ সময় আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।
শনিবার রাত ৮টায় উপজেলার কানকিরহাট-ছাতারপাইয়া সড়কের মুন্সি দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সেনবাগ থানার ওসি আবদুর রহিম সরকার।
নিহতরা হলেন- উপজেলার ডমুরুয়া গ্রামের অটোরিকশা চালক মো. আলমের দুই ছেলে আসিফ ও আরিফ। আহত শাওন একই বাড়ির অটোরিকশা চালক মো. শাহজাহানের ছেলে।
পুলিশ জানায়, রাতে দ্রুতগতির একটি মোটরসাইকেলে আসিফ, আরিফ ও শাওন তিনজন কানকিরহাট থেকে ছাতারপাইয়ার দিকে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনায় তিনজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ছাতারপাইয়া বাজারের একটি বেসরকারি ক্লিনিকে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
শাওনকে আশঙ্কাজনক অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সেনবাগ থানার ওসি আবদুর রহিম সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
