সিলেটে হামের উপসর্গ নিয়ে ১৭ মাস বয়সী শিশুর মৃত্যু
এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ জনে।
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে ১৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ জনে।
এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন সোমবার।
রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত সিলেট বিভাগের ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে চার শিশুর।
মারা যাওয়া ইরফান সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মামুন আহমদের ছেলে। হামের উপসর্গ নিয়ে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
স্বাস্থ্য সিলেট বিভাগীয় পরিচালক কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ২৫৬ জন। গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭৮ জন।
২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ১৬৫ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয় বলে প্রতিবেদনে বলা হয়।
