Published : 10 Jul 2026, 08:16 PM
পঞ্চগড় সদরে করতোয়া নদীতে মাছ ধরতে নেমে নিখোঁজ হওয়া একদিন পর তরুণের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
উপজেলার সাতমেড়া ইউনিয়নের ভেলকুপাড়া এলাকায় নদীতে তলিয়ে যাওয়া স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ভাটি থেকে লাশটি উদ্ধার করা হয় বলে পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম জানিয়েছেন শুক্রবার দুপুরে।
নিহত বকুল ইসলাম (১৮) উপজেলার সাতমেড়া ইউনিয়নের বকশীগঞ্জ এলাকার আলম হোসেনের ছেলে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে করতোয়া নদীতে মাছ ধরতে নামার সময় তীব্র স্রোতে নিখোঁজ হন বকুল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে উদ্ধার অভিযান শুরু করেন। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে নদীতে তল্লাশি চালালেও প্রবল স্রোত ও সন্ধ্যা হওয়ায় অভিযান স্থগিত করা হয়।
শুক্রবার সকালে আবার উদ্ধার অভিযান শুরু হলে এতে স্থানীয় প্রায় ৫০ জন অংশ নেন। পরে নিখোঁজ হওয়া স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার ভাটিতে বকুলের লাশ পাওয়া যায়।
পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুষার কান্তি রায় বলেন, বকুল যে স্থানে নিখোঁজ হয়েছিলেন সেখানে পানির স্রোত ও গভীরতা তুলনামূলক বেশি ছিল। ধারণা করা হচ্ছে, স্রোতের টানে লাশ প্রায় দেড় কিলোমিটার দূরে ভেসে যায়।
ওসি আশরাফুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।