০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

শেখ হাসিনাকে ফেরাতে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে: নিতাই রায়

বিগত স্বৈরাচারের সময় শিক্ষা, সংস্কৃতিসহ অর্থনীতি ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী।

শেখ হাসিনাকে ফেরাতে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে: নিতাই রায়

মাগুরার নোমানী ময়দানে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Oct 2026, 06:26 PM

Updated : 02 Oct 2026, 06:26 PM

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারকে চিঠি দেওয়ার কথা বলেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

শেখ হাসিনার পরিবার ও আওয়ামী লীগকে পলাতক শক্তি অবহিত করে তিনি বলেন, “বিগত স্বৈরাচারের সময় শিক্ষা, সংস্কৃতিসহ অর্থনীতি ধ্বংস করা হয়েছে। সেই অবস্থা থেকে বর্তমান সরকার উত্তরণের চেষ্টা করছে।

“আওয়ামী লীগ একটি পলাতক শক্তি। তারা নানা জায়গায় বলে বেড়াচ্ছে, কারো আশীর্বাদ নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। শেখ হাসিনাকে দেশে আনার জন্য তারেক রহমান সরকার ভারত সরকারকে চিঠি দিয়েছে।”

শুক্রবার সকালে মাগুরার নোমানী ময়দানে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে এসব বলেন তিনি।

শেখ হাসিনাকে দেশে আনা হবে জানিয়ে নিতাই রায় বলেন, “তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। বেশ কয়েকটি মামলায় তার ফাঁসি হয়েছে। অনেক মামলা পেনডিং রয়েছে। শেখ হাসিনা দেশে আসবে আমরা চাই।

“আইন তার নিজস্ব গতিতে চলবে। কামার বাড়ির বিড়াল আওয়ামী লীগের ঠক ঠকিতে ভয় পায় না। বিএনপিকে ভয় দেওয়ার কোনো কারণ নেই। বিএনপি পলাতক শক্তি না।”

উদ্ধোধনী অনুষ্ঠানে সংরক্ষিত আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী, মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এবং পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল উপস্থিত ছিলেন।