Published : 12 Mar 2026, 06:01 PM
ঝালকাঠি পুলিশ লাইন্সের রেশন সেন্টার থেকে ২৫২টি ভুয়া রেশন কার্ড তৈরি করে প্রায় চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
বৃহস্পতিবার দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. জাকির হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
আসামিরা হলেন- ঝালকাঠি পুলিশ লাইন্সের রেশন সেন্টার সাবেক মেস ম্যানেজার মো. আলাউদ্দিন, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) আরিফ মাহমুদ, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. আল মামুন, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. রেজাউল করিম, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) কাজী রাজিউল জামান, কনস্টেবল মো. আতিউর রহমান, কনস্টেবল মো. সাইফুল ইসলাম, কনস্টেবল মেহেদী হাসান, অফিস সহকারী মো. তৌফিক এলাহী, গুদামদার মো. জহির উদ্দিন এবং বিক্রয় সহকারী সৈয়দ জসিম উদ্দিন।
মামলার এজাহারে ২০১৩ সাল থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত রেশন সেন্টারে বিভিন্ন সময়ে ২৫২টি ভুয়া রেশন কার্ড তৈরি করে পণ্য সামগ্রী উত্তোলনের মাধ্যমে মোট তিন কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৮৫ টাকা আত্মসাৎ করার অভিযোগ করা হয়েছে।
দুদকের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, আসামিরা সরকারি দায়িত্বে নিয়োজিত থেকে জাল-জালিয়াতির মাধ্যমে প্রতারণা করে রেশন সামগ্রী উত্তোলন করে অর্থ আত্মসাৎ করেছেন।
তাদের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয় বলে জানান তিনি।
মামলার তদন্ত চলাকালে অন্য কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন দুদকের এ কর্মকর্তা।
ঝালকাঠি জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, আসামিরা বর্তমানে বিভিন্ন জেলায় কর্মরত আছেন। অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ বিভাগ।