১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

জামায়াত নিয়ে বিতর্ক জিইয়ে রাখা জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র: পরওয়ার

“একাত্তর সালের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়।”

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2026, 04:04 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

জামায়াত নিয়ে পুরোনো বিতর্ক জিইয়ে রাখা জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেছেন, “একাত্তর সালের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়। 

“সময়ের প্রয়োজনে দলটির গঠনতন্ত্র বহুবার পরিবর্তন করা হয়েছে। বর্তমান গঠনতন্ত্রের ভূমিকায় মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও সংগ্রামকে শ্রদ্ধার সঙ্গে ধারণ করার বিষয়টি উল্লেখ রয়েছে।”

শুক্রবার বেলা ১১টায় কুমিল্লার টাউন হল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা মহানগর শাখার আয়োজনে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে এসব কথা গোলাম পরওয়ার। 

তিনি বলেন, “এত সাংবিধানিক পরিবর্তনের পরও একটি মহল পুরোনো বিতর্ককে জিইয়ে রাখতে চায়। এটি দেশপ্রেম বা স্বাধীনতার চেতনার বহিঃপ্রকাশ নয়; বরং জাতিকে বিভক্ত করার বিদেশি ষড়যন্ত্রের অংশ।”

দেশের স্বার্থে এসব বিতর্কের দ্রুত সমাধান হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন জামায়াতের এ নেতা। 

তিনি বলেন, “নতুন প্রজন্মকে একটি সুন্দর ও ঐক্যবদ্ধ বাংলাদেশ উপহার দিতে জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করা জরুরি।”

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর শাখার সভাপতি অধ্যাপক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর শাখার আমির কাজী দীন মোহাম্মদ এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. মজিবুর রহমান ভূঁইয়া।