১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিক্ষকসহ ২০ কর্মকর্তাকে অবসরে পাঠাল জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২৬৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2025, 09:45 PM

Updated : 26 Aug 2026, 01:14 PM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ২০ কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে।  

শনিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২৬৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে রোববার জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএসএম আমানুল্লাহর সভাপতিত্বে ঢাকার ধানমন্ডির নগর কার্যালয়ে অনুষ্ঠিত সভা থেকে তাদের অবসরে পাঠানোর এ সিদ্ধান্ত হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হলে ঐচ্ছিক অবসর ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কোনো কর্মচারীকে অবসরে পাঠানোর বিধান যুক্ত করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরির সংবিধি সংশোধনের প্রস্তাব গেল বছরের ৩ নভেম্বর সিন্ডিকেটের ২৬৩তম সভায় গৃহীত হয়।  

একই বছরের ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিনেট অধিবেশনে প্রস্তাবটি অনুসমর্থিত হওয়ায় বিধি অনুযায়ী ওই শিক্ষক ও কর্মকর্তাদের অবসরে পাঠানো হয়েছে।     

অবসরে পাঠানো শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে আছেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক আবু মো. ইকবাল রুমী শাহ্, উপ রেজিস্ট্রার মো. হারুন অর রশিদ, সরকার মোহাম্মদ এরশাদ, মাহাবুবা খানম, নাদিরা বেগম, মো. মামুনুর রশিদ, সুব্রত সাহা, মনজু সরকার, মো. শাহাজামাল, মো. ওয়াজিয়ার রহমান, মো. রাফিজ আলী খান এবং সহকারী রেজিস্টার জাহানারা বেগম, আফরোজ আহমেদ বর্ণা ও মাহফুজা খাতুন।

অন্যদের মধ্যে আছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ পরিচালক মো. আব্দুর রাকিব, মো. সুলতান উদ্দিন, মো. আসাদুজ্জামান খান, সাকিল আহম্মেদ এবং সহকারী পরিচালক একেএম সেলিম রেজা ও সেকশন অফিসার মানিক চক্রবর্তী।  

সিন্ডিকেট সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, অধ্যাপক এআই মাহবুব উদ্দিন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য মো. লুৎফর রহমান, অধ্যাপক মো. নূরুল ইসলাম, ট্রেজারার এটিএম জাফরুল আযম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আমিনুল ইসলাম তালুকদার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন ও রেজিস্ট্রার ছিলেন।