০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা

এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Oct 2026, 09:14 PM

Updated : 02 Oct 2026, 09:14 PM

নরসিংদী সদরে আধিপত্য বিস্তারের জেরে বাড়িতে ঢুকে এক যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার বিকালে শহরের চৌয়ালা মহল্লার লোকমান হোসেন পৌর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে এক বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নরসিংদী সদর থানার ওসি এ আর এম আল মামুন।

নিহত আব্দুল্লাহ ওরফে বাবু (২৬) ওই এলাকার আব্দুল কাদিরের ছেলে ও পেশায় ফুচকা বিক্রেতা।

আহতরা হলেন- রুবেল (৩০) ও মিরাজ (২০)। তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবু লালের পক্ষের লোকজনের সঙ্গে হেলালের লোকজনের বিরোধ চলছিল। আগে আবু লাল এবং হেলাল একই অপরাধী চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। উভয়পক্ষের লোকজনের বিরুদ্ধে হত্যা, চুরি ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।

এদিন বিকালে আবু লালের পক্ষের লোকজন বাড়িতে ঢুকে বাবুকে গুলি করে পালিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাতে আহত হন বাবুর বড় ভাই রুবেল ও অপরপক্ষের মিরাজ। ঘটনার পরপর বাবুকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আল মামুন বলেন, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া আহত মিরাজকে আটক করা হয়েছে।