১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাকসু ভোটের ফল জানা যাবে কখন

নির্বাচনে দায়িত্বরত এক শিক্ষকের মৃত্যুর পর সিনেট ভবনে ভোট গণনার কাজ চলছে শোকের আবহে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2025, 12:53 PM

Updated : 26 Aug 2026, 02:17 PM

রাত পেরিয়ে সকালেও জাকসু নির্বাচনের ফল জানার অপেক্ষা শেষ হয়নি। ফল কয়টা নাগাদ জানা যাবে, সে বিষয়েও স্পষ্ট কোনো ধারণা মেলেনি।      

বৃহস্পতিবার বিকাল ৫টায় ভোট শেষে হলের কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে নেয়া হয়। পরে রাত ১০টার কিছু পরে শুরু হয় ভোট গণনা।

সবার আগে কাজী নজরুল ইসলাম এবং মীর মশাররফ হোসেন হলের ব্যালট বাক্স খুলে গণনা শুরু হয়। পরে আ ফ ম কালাম উদ্দিন হল, শহীদ জননী জাহানারা ইমাম হলসহ আরেকটি হলের ব্যালট বাক্সও খুলে গণনা শুরু হয়।

শুক্রবার বেলা সোয়া ১২টা পর্যন্ত ১৭টি হলের ভোট গণনা শেষ হয়েছে। বাকি চারটি হলের গণনার কাজ চলছে।

হল সংসদের ভোট গণনা শেষে কেন্দ্রীয় সংসদের ব্যালট গণনা শুরু হবে বলে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন।

শুক্রবার সকালে বাড়তি লোক আনার পর ভোট গণনার কাজে কিছুটা গতি আসে। কিন্তু দুপুরে জুমার নামাজ এবং খাবারের বিরতির সময় স্বাভাবিকভাবেই সে কাজে বিরতি দিতে হবে।

ফলে আরও চারটি হলের ভোট গণনা শেষ করে জাকসুর ভোট গোনা শুরু হতে বিকেল হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে ফলের জন্য অপেক্ষা গড়াতে পারে বিকেলের পর পর্যন্ত।            

বৃহস্পতিবার প্রীতিলতা হলের পোলিং অফিসারের দায়িত্ব পালন করা চারুকলা অনুষদের শিক্ষক জান্নাতুল ফেরদৌস মৌমিতা সকালে সিনেট ভবনে এসেছিলেন ভোট গণনার দায়িত্ব পালনের জন্য। কিন্তু সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে নেওয়া হয় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এরপর সিনেট ভবনে ভোট গণনার কাজ চলছে শোকের আবহে। শিক্ষার্থীরা বেশিরভাগই হলে থাকায় ক্যাম্পাস অনেকটাই ফাঁকা।  

৩৩ বছর পর প্রায় ১২ হাজার শিক্ষার্থীর এই ক্যাম্পাসে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ২১টি হলে ভোট গ্রহণ শুরু হয়। বড় ধরনের কোনো গোলযোগ ছাড়াই ভোট গ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত।

এ নির্বাচনে ৬৮ শতাংশ ভোট পড়েছে বলে রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন। ভোট গণনা পরিস্থিতি সরাসরি বিশ্ববিদ্যালয়জুড়ে বেশ কয়েকটি স্ক্রিনে দেখানো হচ্ছে। তবে সেখানে ভোটের ফলের কোনো তথ্য দেওয়া হচ্ছে না।

ভোট নিয়ে আগের কয়েকদিন যে উৎসাহ এবং দিনের শুরুর দিকে উত্তেজনা ছিল ছাত্রদল মনোনীত প্যানেলসহ পাঁচটি প্যানেলের প্রার্থীরা ভোট বর্জন করায় সেই আমেজের অনেকটাই ভাটা পড়েছে।

'খারাপ' ভোটও 'নো জাকসুর' চেয়ে ভালো, বর্জন করছে না বাগছাস

জাকসু নির্বাচন: রাতে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ

সাড়ে ৬ ঘণ্টায় ৪ হলের ভোট গণনা, ফল ঘোষণা একসঙ্গে