১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে তিন ঘণ্টার বৃষ্টিতে বাড়ল জলাবদ্ধতা, দুর্ভোগে বহু মানুষ

“সকালের বৃষ্টিতে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বেড়েছে জনদুর্ভোগ।”

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2025, 04:31 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

নোয়াখালীতে বৃষ্টি বাড়ায় শহরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা পরিস্থিতির অবনতি হয়েছে। 

বুধবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় জেলা শহর মাইজদীতে ৩২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে নোয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানিয়েছেন।  

তিনি বলেন, “দুই সপ্তাহেরও বেশি সময় ধরে জেলা শহরের হাউজিং, মধুসূদনপুর ও লক্ষ্মী নারায়ণপুরসহ বিভিন্ন এলাকার পথ, বাসাবাড়ি, দোকানপাট এবং অফিস আদালতের সামনে বৃষ্টির পানি জমে ছিল। 

“সকালের বৃষ্টিতে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বেড়েছে জনদুর্ভোগ।” 

জেলা শহরের হাউজিং এলাকার সিটি কার সার্ভিসের স্বত্বাধিকারী মিজানুর রহমান বলেন, এ নিয়ে তিন বার তার প্রতিষ্ঠানে বৃষ্টির পানি ঢুকে অনেক মালামাল নষ্ট হয়েছে। ভারি বৃষ্টি হলেই সার্ভিসিং সেন্টারে পানি উঠে যায়। কর্মীদের সবাইকে ছুটি দিয়ে প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয় পানি না নামা পর্যন্ত। 

তিনি ভলেন, “এ পর্যন্ত আমার ১৫ লাখ টাকার মালামাল নষ্ট হয়ে গেছে। এ ক্ষতি কাটিয়ে ওঠা আমার অসম্ভব। এভাবে একদিকে সবাই কর্মহীন হয়ে পড়ছি, অন্যদিকে পানি উঠে মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। 

“মূলত শহরের ড্রেন ও খারগুলোর বেহাল দশার কারণে নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে। হাউজিং এস্টেটে প্রতিটি সড়ক বাসাবাড়ি, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো জলমগ্ন হয়ে আছে।”

বেগমগঞ্জ উপজেলার একলাশপুরের বিজয় মজুমদার বলেন, “গত দুই সপ্তাহ থেকে আমরা পানিবন্দি হয়ে আছি। বাড়িতে পানি, সড়কে পানি। পানিতে ডুবে গেছে সবজির মাঠ, ভেসে গেছে পুকুরের মাছ।”

জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের বৃহস্পতিবারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নোয়াখালীতে ৪৫ হাজার ৭০৩ জন মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন।