১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় হেলমেট-ড্রাইভিং লাইসেন্স ছাড়া মিলবে না তেল

“সংকট মোকাবিলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের যৌথ উদ্যোগে চেকপোস্ট বসিয়ে কাগজপত্র যাচাই করা হবে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 12:03 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

বগুড়ায় তীব্র জ্বালানি তেলের সংকটের মধ্যে পাম্পগুলোতে নতুন বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন।

সোমবার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, “এখন থেকে গাড়ির ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো গ্রাহককে তেল দেওয়া হবে না।

তিনি বলেন, “সংকট মোকাবিলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের যৌথ উদ্যোগে চেকপোস্ট বসিয়ে কাগজপত্র যাচাই করা হবে। এছাড়াও ট্যাগ অফিসার নিযুক্ত করা হয়েছে।

“পাশাপাশি পাম্পগুলোতে ক্রেতাদের তথ্য ও মোবাইল নম্বর সংরক্ষণ করা হবে; যাতে একই ব্যক্তি একাধিকবার তেল নিতে না পারেন।”

এছাড়া প্রতিটি পাম্পে এসব নির্দেশনা সংবলিত ব্যানার টাঙিয়ে দেওয়া হবে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কঠোর মনিটরিং চালানো হবে বলেও জানান জেলা প্রশাসক।

বগুড়া জেলায় মোট ৭৮টি তেলের পাম্পে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় জেলাজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে।

এ বিষয়ে রাজশাহী বিভাগীয় পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের বগুড়া জেলা শাখার সভাপতি মিজানুর রহমান রতন বলেন, “সংকটের শুরুতে মজুদ শেষ হয়ে যাওয়ায় জেলার অর্ধেকের বেশি পাম্প সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

“তবে বর্তমানে তেল সরবরাহ পুনরায় শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিন তেল বিক্রির হিসাব দিতে বলেছে।”

খুব দ্রুতই জেলার সব ফিলিং স্টেশনে জ্বালানি পৌঁছে যাবে এবং পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।