১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নীলফামারীতে ফের মাটি খুঁড়তে বেরিয়ে এল মাইন

পুলিশ জানায়, বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে; তারা আসলেই মাইনটি নিষ্ক্রিয় করা হবে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2024, 09:49 PM

Updated : 26 Aug 2026, 09:52 AM

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আবারও মাটির নিচ থেকে অবিস্ফোরিত একটি ল্যান্ড মাইন উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমরিয়া গ্রামের ক্যানেলের বাজার এলাকায় মাইনটি পাওয়া যায় বলে কিশোরগঞ্জ থানার পরিদর্শক পলাশ চন্দ্র মণ্ডল জানান। 

তিনি বলেন, দুপুরের দিকে ওই গ্রামের রংপুর-দিনাজপুর তিস্তা সেচ ক্যানেলের ধারে কয়েকজন শিশু খেলছিল। এ সময় শিশুরা হাত দিয়ে ক্যানেলের ধারের মাটি খুঁড়লে মাটির নিচে পুঁতে থাকা অবিস্ফোরিত একটি ল্যান্ড মাইন দেখতে পেয়ে স্থানীয়দের জানায়। 

“পরে স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাইনটি দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মাটিতে পুঁতে রাখা মাইনসহ ঘটনাস্থল নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রেখে উৎসুক লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে দেয়।” 

পলাশ বলেন, মাইনটি মাটির নিচে পুঁতা অবস্থায় রয়েছে। ঘটনাস্থলে যাতে কেউ ভিড়তে না পারে এজন্য সেখানে থানা পুলিশের সদস্য এবং গ্রাম পুলিশ পাহারা রাখা হয়েছে। 

বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে; তারা আসলেই মাইনটি নিষ্ক্রিয় করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 

চলতি বছরের ২২ এপ্রিল একই এলাকায় পতিত জমি খননের সময়ে দুইটি অবিস্ফোরিত ল্যান্ড মাইন, একটি গ্রেনেড, একটি মর্টার শেল এবং একটি থ্রি নট থ্রি রাইফেল উদ্ধার করা হয়। পরে বোম ডিসপোজাল ইউনিট এসে অবিস্ফোরিত মাইন ও গ্রেনেড নিষ্ক্রিয় করে। 

আরও পড়ুন:

 নীলফামারীতে মাটি খুঁড়তে বেরিয়ে এল রাইফেল-মাইন-গ্রেনেড