Published : 10 Jul 2026, 06:58 PM
মৃত্যুর গুজব ছড়িয়ে বরিশালের আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুরের ঘটনার পর চুরির মামলায় কারাগারে পাঠানো হয়েছে রিয়াজ ফকিরকে।
শুক্রবার বিকালে হাসপাতাল থেকে তাকে বরিশালের বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারিক সৈয়দ আবিদুল হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রিয়াজ ফকির (২৬) আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী গ্রামের মো. সিদ্দিক ফকিরের ছেলে।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় ২০২৫ সালের একটি দোকান থেকে চুরির মামলার আসামি হিসেবে রিয়াজকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আগৈলঝাড়া থানার হাজতে রাখা হয়েছিল।
আগৈলঝাড়া থানার ওসি মাসুদ খান বলেন, বুধবার রাত ১১টার দিকে হাজতখানার গ্রিলে নিজের মাথায় নিজে আঘাত করেন রিয়াজ। এতে তিনি অজ্ঞান হয়ে পড়লে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার দুপুরে রিয়াজের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। বিকাল ৪টার দিকে ওই গুজবকে কেন্দ্র করে দুই থেকে তিনশ নারী-পুরুষ আগৈলঝাড়া থানায় হামলা চালায়। এ সময় তারা থানায় ভাঙচুর করে এবং ডিউটি অফিসার এএসআই আব্দুল হালিমকে মারধর করে।
হামলায় কনস্টেবল লিমন মিয়া, ফরহাদ হোসেন, মনির হোসেন, আলামিন হোসেন ও মেহেদী হাসান আহত হন।
আদালতে নিয়ে আসা আগৈলঝাড়া থানার এএসআই আল-আমিন বলেন, “হাসপাতাল থেকে আদালতে নেওয়ার পথে রিয়াজ আবারও নিজের মাথায় আঘাত করার চেষ্টা করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন।”
তিনি বলেন, চুরি মামলায় আদালতের নির্দেশে রিয়াজকে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
আটক যুবককে হত্যার গুজবে বরিশালে থানায় হামলা, আহত ৫ পুলিশ
আগৈলঝাড়া থানায় হামলার নিন্দা পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের