মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যা: ৪ আসামির মৃত্যুদণ্ড
একই মামলায় অপর পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মৌলভীবাজারে কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বুধবার মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আউয়াল এ রায় ঘোষণা করেন বলে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মতিন চৌধুরী জানিয়েছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. নুরুল ইসলাম, মো. সাইমন ইসলাম, নাহিদুল ইসলাম রনি ও আনোয়ার হোসেন।
তাদের মধ্যে রনি ও আনোয়ার পলাতক রয়েছেন।
মামলার বিবররণে বলা হয়, ২০২৩ সালের ৭ নভেম্বর সন্ধ্যায় মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া এলাকার চেরাগ মিয়ার বাড়িতে চাঁদা নেওয়ার জন্য নুরুল ইসলামসহ কয়েকজন আসামি প্রবেশ করেন। এ সময় তারা চেরাগ মিয়া ও তার স্ত্রী শামসুন নাহারকে গালাগাল ও মারধর করেন।
এ সময় বাবা-মাকে মারধর থেকে রক্ষা করতে এগিয়ে গেলে আসামিরা নাঈমকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার দুই দিন পর ৯ নভেম্বর নাঈমের বাবা চেরাগ মিয়া বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় নয়জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।
দীর্ঘ শুনানি শেষে চার আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাদের মৃত্যুদণ্ড দেন। একইসঙ্গে মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়।
পিপি আব্দুল মতিন চৌধুরী বলেন, “আদালতে প্রকৃত আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এ রায়ে বাদী পক্ষসহ মানুষের আইনের প্রতি আস্থা ও শ্রদ্ধা আরও বাড়বে।”
নিহত নাঈমের বাবা চেরাগ মিয়া ও স্বজনরা রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তারা দ্রুত রায় কার্যকর এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
