Published : 15 Jul 2026, 05:03 PM
ঠাকুরগাঁও সদর উপজেলায় জমিতে রোপণ করা পাট কাটতে গিয়ে বজ্রপাতে এক ব্যক্তি ও তার ছেলের প্রাণ গেছে।
বুধবার দুপুরে জামালপুর ইউনিয়নের মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে ঠাকুরগাঁও সদর থানার ওসি শাহজাহান আলী জানিয়েছেন।
নিহতরা হলেন- জামালপুর ইউনিয়নের মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামের বাসিন্দা আনোয়ার প্রভু (৫৫) ও তার ছেলে নিমাই (২৩)।
এলাকাবাসীর বরাতে ওসি শাহজাহান আলী বলেন, “সকালে বাড়ির পাশের জমিতে রোপণ করা পাট কাটতে যান আনোয়ার ও তার ছেলে নিমাই। পাট কাটার এক পর্যায়ে বৃষ্টি শুরু হলে তারা বৃষ্টির মধ্যেই কাজ চালিয়ে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান বাবা-ছেলে।
গণেশপাড়া গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, “একই বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পরিবেশ।”
ওসি শাহজাহান আলী বলেন, “অসাবধানতার কারণে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।”
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।