২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রাজশাহীতে ভোট খুব স্লো: জাপা প্রার্থী

বোয়ালিয়ার আটকোষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান শেষে তিনি একথা বলেন।

রাজশাহীতে ভোট খুব স্লো: জাপা প্রার্থী

ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত মেয়র পদপ্রার্থী সাইফুল ইসলাম স্বপন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2023, 01:20 PM

Updated : 21 Jun 2023, 01:20 PM

ভোটকেন্দ্রগুলোতে খুব ধীর গতিতে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত মেয়র পদপ্রার্থী সাইফুল ইসলাম স্বপন।

বুধবার নগরীর বোয়ালিয়ার আটকোষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান শেষে তিনি একথা বলেন।

লাঙ্গল প্রতীকের প্রার্থী সাংবাদিকদের বলেন, “এইখানে যেটা হচ্ছে, ভোট খুব স্লো। ঘণ্টায় ধরেন ১৫-১৬টা ভোট পড়ছে।”

এ সময় তিনি ভোট নষ্ট হয়ে যাওয়ার কথা উল্লেখ করে আরও বলেন, “আবার নষ্টও হয়ে যাচ্ছে কিছু কিছু। তো, যদি নষ্ট-ই হলো, তাহলে গতকাল পর্যন্ত আমরা কী করেছি?”

এদিকে, এদিন সকালে নির্বাচন কমিশনার রাশেদা বলেন, রাজশাহীতে খুব-ই ভালো ভোটগ্রহণ চলছে।

তিনি বলেন, “শুরুতে শুধুমাত্র রাজশাহীর একটা জায়গায় একটু সমস্য হইছিলো। ওটা সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে। ওটা নিয়ে রিটার্নিং অফিসারের সঙ্গে আমার কথা হয়েছে, উনি তখন ওখানেই ছিলেন। ওটা ঠিক সময়েই শুরু হয়েছে। এখন পর্যন্ত ইভিএম নিয়ে খুব একটা কোনো তথ্য আসেনি।”

এ নির্বাচনে মেয়র পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত এ এইচ এম খায়রুজ্জামান লিটন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুরশিদ আলম, জাকের পার্টির এ কে এম আনোয়ার হোসেন এবং জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন।

এ ছাড়া ৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১১১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই সিটিতে ভোটার আছেন তিন লাখ ৫১ হাজার ৯৮২ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ১৬৭ জন এবং নারী এক লাখ ৮০ হাজার ৮০৯ জন এবং ট্রান্সজেন্ডার ভোটার আছেন ৬ জন।