২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সৌদি আরবে কারখানায় বিস্ফোরণে গাজীপুরের প্রবাসীর মৃত্যু

আব্দুল্লাহ প্রায় ছয় বছর আগে সৌদি আরবে যান। সর্বশেষ গত অগাস্ট মাসে ছুটি কাটিয়ে তিনি রিয়াদে ফিরেছিলেন।

সৌদি আরবে কারখানায় বিস্ফোরণে গাজীপুরের প্রবাসীর মৃত্যু

মো. আব্দুল্লাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Sep 2026, 05:20 PM

Updated : 25 Sep 2026, 05:20 PM

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে গাজীপুরের কালীগঞ্জের এক প্রবাসী শ্রমিকের মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

সৌদি আরবের স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে নিহতদের পরিবারের সদস্যদের বরাতে জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন।

নিহত মো. আব্দুল্লাহ (৩০) কালীগঞ্জ পৌরসভার দুর্বাটি এলাকার বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত সেনাসদস্য ইসমাইল হোসেনের ছেলে।

তার পরিবারের সদস্যরা বলেন, আব্দুল্লাহ প্রায় ছয় বছর আগে সৌদি আরবে যান। তিনি সেখানে রিয়াদের নতুন শিল্পাঞ্চল হিসেবে পরিচিত ‘আল-সানাইয়া আল-জাদিদা’ এলাকার একটি কেমিকেল কারখানায় কাজ করতেন। সর্বশেষ গত অগাস্ট মাসে ছুটি কাটিয়ে তিনি সৌদি আরবে ফিরেছিলেন।

বৃহস্পতিবার তার কারখানায় দুর্ঘটনা ঘটে জানিয়ে স্বজনরা বলেন, কারখানায় কাজ চলাকালে একটি পাইপ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এই ঘটনায় ঘটনাস্থলেই আব্দুল্লাহসহ আরও কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আবদুল্লাহর সহকর্মীরা।

কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, তারাও আব্দুল্লাহ মৃত্যুর খবর জানতে পেরেছেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে তার লাম বাংলাদেশে পাঠানো হবে তবে এতে কয়েকদিন সময় লেগে যেতে পারে।

সৌদি আরবের রাজধানী রিয়াদে এর কয়েক দিন আগেও কালীগঞ্জের দুজন প্রবাসী মারা যান। গত ১৮ সেপ্টেম্বর মধ্যরাতে কর্মস্থল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তারা প্রাণ হারান।

তারা হলেন, মোক্তারপুর ইউনিয়নের ধনপুর দক্ষিণপাড়া এলাকার আলমগীর খন্দকার (৪৪) এবং ধনপুর ফকিরপাড়া এলাকার ফরহাদ ফকির (৩৫)। দুজনই নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে গত ৩০ অগাস্ট স্পেনের রাজধানী মাদ্রিদের আরগান সোয়েলা জেলার একটি বাইসাইকেল গ্যারেজে আগুন লাগার ঘটনায় প্রাণ হারান কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকার ইউসুফ হাসান আলিফ (২৭)। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ১১ সেপ্টেম্বর ভোরে তার মরদেহ দেশে পৌঁছায়।

এ নিয়ে কয়েক সপ্তাহের মধ্যে চারজন প্রবাসীর মৃত্যুর খবরে কালীগঞ্জ উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।