০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

খাগড়াছড়ির দোকানে মিলল রেশনের ২২ বস্তা গম, জরিমানা

দোকান মালিক আইয়ুব আলীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Oct 2026, 10:17 PM

Updated : 08 Oct 2026, 10:16 PM

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় এক চালের দোকানে অভিযান চালিয়ে গুচ্ছগ্রামের সরকারি রেশনের ২২ বস্তা গম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মাটিরাঙ্গা বাজারে এ অভিযান পরিচালনা করা হয় বলে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু জানান।

ভ্রাম্যমাণ আদালত কর্তৃপক্ষ জানায়, মা-মনি এন্টারপ্রাইজের মালিক আইয়ুব আলীর দোকানে সরকারি রেশনের গম অবৈধভাবে মজুদ করার খবরে সেখানে অভিযান চালানো হয়। দোকান থেকে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৫০ কেজি ওজনের ২২ বস্তা গম উদ্ধার করা হয়।

পরবর্তীতে খাদ্যদ্রব্য প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় দোকান মালিক মো. আইয়ুব আলীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা গম তবলছড়ি খাদ্য গুদামে পাঠানোর ব্যবস্থা করা হয়।