১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিচারপতিকে নিয়ে মন্তব্য: সাজাপ্রাপ্ত দিনাজপুরের পৌরমেয়র কারাগারে

আদালত থেকে প্রিজন ভ্যানে তাকে কারাগারে নেয়ার সময় আদালত চত্বরে সরকারবিরোধী শ্লোগান দিয়ে বিক্ষোভ করে বিএনপি নেতাকর্মীরা।

বিচারপতিকে নিয়ে মন্তব্য: সাজাপ্রাপ্ত দিনাজপুরের পৌরমেয়র কারাগারে

আদালতের নির্দেশের পর কড়া পুলিশ প্রহরায় দিনাজপুরের পৌরমেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে কারাগারে পাঠানো হয়।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2023, 03:42 PM

Updated : 18 Oct 2023, 03:42 PM

আপিল বিভাগের এক বিচারপতি সম্পর্কে ‘আপত্তিকর’ মন্তব্য করে সাজাপ্রাপ্ত দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে কারাগারে পাঠিয়েছে আদালত।

উচ্চ আদালতের নির্দেশে বুধবার বেলা পৌনে ১টায় দিনাজপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে আদালতের বিচারক জুলফিকার উল্লাহ তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশের আদালত পরিদর্শক একে এম লিয়াকত আলী জানান, আদালতের নির্দেশের পর কড়া পুলিশ প্রহরায় পৌরসভার মেয়রকে জেলা কারাগারে পাঠানো হয়।

আদালত থেকে প্রিজন ভ্যানে তাকে কারাগারে নেয়ার সময় আদালত চত্বরে সরকারবিরোধী শ্লোগান দিয়ে বিক্ষোভ করে বিএনপি নেতাকর্মীরা।

ঘোষিত আয়ের বাইরে সম্পদের মালিক হওয়ার মামলায় গত ২ অগাস্ট বিএনপি চেয়ার পারসন খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে ৯ বছরের কারাদণ্ড এবং তার স্ত্রী জোবায়দা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেয় ঢাকার একটি আদালত।

ওই রায়ের পর দিনাজপুর বিএনপি কার্যালয়ে দলের নেতা-কর্মীরা প্রতিবাদ সভা করেন। ওই সমাবেশে মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম সুপ্রিম কোর্টের এক বিচারপতিকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।

এ বিষয়ে রিট মামলা হলে মেয়রকে তলব করা হয়।

আপিল বিভাগে বিচারাধীন বিষয় নিয়ে ‘বিরূপ মন্তব্য করায়’ তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার কারণে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ দর্শানোর আদেশ দেয় সর্বোচ্চ আদালত। সে অনুযায়ী ২৪ অগাস্ট আপিল বিভাগে উপস্থিত হয়ে ক্ষমা প্রার্থনা করেন জাহাঙ্গীর।

পরে ১২ অক্টোবর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ মেয়রকে একমাসের কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করে ও এক সপ্তাহের মধ্যে দিনাজপুরে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে আদেশ দেন।

 আরও পড়ুন

পুরানো খবর:

বিচারপতিকে নিয়ে মন্তব্য: দিনাজপুর পৌর মেয়রের জেল-জরিমানা