১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ শিশুর পর প্রাণ গেল মায়েরও

একই ঘটনায় দগ্ধ শিশুটির বাবাও ‘সংকটাপন্ন’ বলে জানিয়েছেন চিকিৎসক।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2026, 12:52 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

নারায়ণগঞ্জের বন্দরে একটি বাসায় লাইনের লিকেজ থেকে জমা গ্যাস বিস্ফোরণে সন্তানের পর দগ্ধ মাও মারা গেছেন। একই ঘটনায় দগ্ধ শিশুটির বাবাও ‘সংকটাপন্ন’ বলে জানিয়েছেন চিকিৎসক।

সোমবার সকাল পৌনে ৭টার দিকে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে হাসপাতালের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান।

নিহত ২৪ বছর বয়সি বিউটি বেগমের শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছেল বলে জানান চিকিৎসক।

শনিবার দুপুরে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিউটির আট বছর বয়সি ছেলে মারুফ। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানান চিকিৎসক।

স্ত্রী ও সন্তানের মৃত্যু হলেও একই হাসপাতালে শরীরের ৮৫ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন রাজমিস্ত্রি মাইদুল। ২৪ বছর বয়সি এ ব্যক্তির অবস্থাও সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক শাওন বিন রহমান।

এর আগে শুক্রবার সকালে বন্দরের কুড়িপাড়া চাপাতলী এলাকার একটি ভাড়া বাসায় বিস্ফোরণের পর আগুনে দগ্ধ হন এ পরিবারের তিন সদস্য।

তাদের গ্রামের বাড়ি নাটোর জেলায়; তবে কাজের সুবাদে এক বছর ধরে বন্দরের টিনের ঘরটিতে ভাড়া থাকছিলেন।

ঘটনার দিন প্রাথমিক তদন্তের বরাতে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, টিনের বাড়িতে থাকতেন পরিবারটি। তাদের ঘরের পাশেই রান্নাঘর। রান্নাঘরে তিতাসের গ্যাসের লাইনের লিকেজ থেকে ঘরের ভেতর জমা গ্যাস থেকে এ বিস্ফোরণ ঘটে।

আরও পড়ুন-

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ দম্পতি ও সন্তান 'সংকটাপন্ন'

নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যুবাবা-মাও 'সংকটাপন্ন'