০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু, বাবা-মাও ‘সংকটাপন্ন’

শিশুটির বাবা মাইদুল শরীরের ৮৫ শতাংশ এবং মা বিউটি ৮০ শতাংশ দগ্ধ নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2026, 01:50 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয় বলে বেলা ১২টার দিকে জানান হাসপাতালের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক শাওন বিন রহমান।

আগের দিন শুক্রবার সকালে নারায়ণগঞ্জে বন্দরের কুড়িপাড়া চাপাতলী এলাকার একটি ভাড়া বাসায় বিস্ফোরণের পর আগুনে ৮ বছর বয়সি মারুফ এবং তার বাবা মাইদুল (২৪) ও মা বিউটি (২৪) দগ্ধ হন।

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বলেন, আগুনে মারুফের শ্বাসনালীসহ শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল।

তার বাবা মাইদুল শরীরের ৮৫ শতাংশ এবং মা বিউটি ৮০ শতাংশ দগ্ধ নিয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

তাদের অবস্থাও ‘সংকটাপন্ন’ বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, পরিবারটি ওই এলাকার সেলিম মিয়ার টিনের বাড়িতে ভাড়া থাকতেন। তাদের ঘরের পাশেই রান্নাঘর। 

রান্নাঘরে তিতাসের লাইনের লিকেজ থেকে ঘরের ভেতর জমা গ্যাস থেকে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ বিস্ফোরণ ঘটে। পরে প্রতিবেশীরা তাদের বাসা থেকে উদ্ধার করে হাসাপাতালে নিয়ে যায়, বলেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা। 

আগের সংবাদ-

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ দম্পতি ও সন্তান 'সংকটাপন্ন'