১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ দম্পতি ও সন্তান ‘সংকটাপন্ন’

তাদের শরীরের দুই-তৃতীয়াংশেরও বেশি পুড়ে গেছে বলে চিকিৎসক জানিয়েছেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2026, 07:54 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে এক দম্পতি ও তাদের শিশু সন্তান দগ্ধ হয়েছে। তারা জাতীয় বার্ন ও প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

শরীরের দুই-তৃতীয়াংশেরও বেশি পুড়ে যাওয়ায় তাদের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক শাওন বিন রহমান।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কুড়িপাড়া চাপাতলী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (ডিএডি) আব্দুল্লাহ আল আরেফিন।

তিনি বলেন, ঘরে জমে থাকা তিতাসের লাইনের গ্যাসের বিস্ফোরণে মাইদুল ইসলাম (২৭), তার স্ত্রী মোছা. বিউটি আক্তার (২৪) ও তাদের ৮ বছর বয়সী শিশু সন্তান মো. মারুফ দগ্ধ হন।

তারা এ এলাকার সেলিম মিয়ার টিনের বাড়িতে ভাড়া থাকতেন। প্রতিবেশীরা তাদের বাসা থেকে উদ্ধার করে হাসাপাতালে নিয়ে যান বলেও জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

দগ্ধদের মধ্যে শিশু মারুফের শরীরের ৯০ শতাংশ, তার বাবা মাইদুলের ৮৫ শতাংশ এবং মা বিউটির ৮০ শতাংশ পুড়ে গেছে বলে জানান বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক শাওন।

তিনি বলেন, “তাদের সকলের অবস্থা সংকটাপন্ন।”