১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

২০ ঘণ্টার ব্যবধানে আরেক রোহিঙ্গাকে গুলি করে হত্যা

এর আগে শুক্রবার রাতে ২০ নম্বর ক্যাম্পের সাবেক মাঝিকে ঘর থেকে তুলে নিয়ে গলা কেটে হত্যা করা হয়।

২০ ঘণ্টার ব্যবধানে আরেক রোহিঙ্গাকে গুলি করে হত্যা

ফাইল ফটো

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2024, 08:29 PM

Updated : 13 Jan 2024, 08:29 PM

কক্সবাজারের উখিয়া উপজেলার আশ্রয়শিবিরে ২০ ঘণ্টার ব্যবধানে ‘আধিপত্য বিস্তারের জেরে’ আরেক রোহিঙ্গা যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার পালংখালী ইউনিয়নের ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৬ ব্লকে এ ঘটনা ঘটে বলে উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান।

নিহত মো. হুজিত উল্লাহ (৩৪) উপজেলার ১৯ নম্বর ক্যাম্পের সি-৬ ব্লকের বাসিন্দা ফজল করিমের ছেলে।

শুক্রবার রাতে ২০ নম্বর ক্যাম্পের ব্লক-এম/২৭ এর সাবেক মাঝি করিম উল্লাহকে (৩৭) ঘর থেকে তুলে নিয়ে গলা কেটে হত্যা করা হয়।

এ হত্যাকাণ্ডের ২০ ঘণ্টার মধ্যে পাশের ক্যাম্পে আরেকটি খুনের ঘটনা ঘটল। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, হুজিত উল্লাহ ঘরের পাশের একটি চায়ের দোকানে বসে আলাপ করছিলেন। এ সময় ৭-৮ মুখোশধারী এসে তাকে তুলে নিয়ে যায়। কিছুদুর নেওয়ার পর তাকে প্রথমে গুলি করা হয়; পরে এলোপাতাড়ি কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয়।

খবর পেয়ে পুলিশ ও এপিবিএন গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

পুরনো খবর:

উখিয়ায় ঘর থেকে বের করে রোহিঙ্গা নেতাকে হত্যা

উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, “কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে, পুলিশ এখনও নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে আরসার সন্ত্রাসীরা এ খুনের ঘটনায় জড়িত বলে ধারণা করা হচ্ছে।”

“ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে”, যোগ করেন ওসি।