Published : 27 Sep 2025, 02:49 PM
রংপুরের কাউনিয়ায় নিখোঁজের পরদিন জাতীয়তাবাদী কৃষক দলের এক নেতার মরদেহ মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের চরগনাই এলাকা থেকে মরেদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ।
নিহত মোবারক আলী কাউনিয়া চরগনাই এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে। তিনি টেপামধুপুর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
নিহতের স্ত্রী ও তার স্বজনদের বরাতে ওসি বলেন, বৃহস্পতিবার রাতে এশার নামাজ পড়তে বাড়ি থেকে বেরিয়ে মোবারক আলী আর ফিরে আসেননি। খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন নিহতের স্ত্রী।
শুক্রবার মোবারক আলীর ব্যবহৃত মোবাইল ফোনটি স্থানীয় মমিনুল ইসলামের বাড়ির পাশে একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়। এতে করে এলাকাবাসীর সন্দেহ জাগে।
তারা খোঁজাখুঁজির একপর্যায়ে মমিনুলের বাড়ির পাশের কলাবাগানে আলগা মাটি দেখতে পান। এ সময় মমিনুল পালিয়ে যায়। পরে লোকজন মাটি খুঁড়তে গেলে কাপড়ে মোড়ানো মরদেহের একটি অংশ বের হয়ে আসে এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ছাড়া এ ঘটনায় নজরুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে। পুরো ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি।