১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মালিক সমিতির দ্বন্দ্ব: নাটোরে ২৬ ঘণ্টা পর দূরপাল্লার বাস চলাচল শুরু

রাজশাহী মালিক সমিতির সঙ্গে সমস্যা সমাধানের পর দুপুর ২টা থেকে বাস চলাচল শুরু হয়।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2026, 03:44 PM

Updated : 26 Aug 2026, 03:28 PM

নাটোর ও রাজশাহীর মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের ২৬ ঘণ্টা পর দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। তবে হঠাৎ বাস চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তির কথা জানিয়েছেন যাত্রী ও বাসের কর্মচারীরা।

রাজশাহী মালিক সমিতির সঙ্গে সমস্যা সমাধানের পর বুধবার দুপুর ২টা থেকে বাস চলাচল শুরু হয় বলে জানিয়েছেন নাটোর বাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার।

নাটোরের বাস কর্মচারীরা জানান, মঙ্গলবার বেলা ১২টার পর থেকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেটগামী দূরপাল্লার (ভিআইপি) বাস নাটোরে আটকে দেওয়া হয়। এরপর থেকে নাটোর ও রাজশাহীর মালিকানাধীন সব ধরনের আন্তঃজেলা বাস চলাচল বন্ধ হয়ে যায়। 

তারা বলেন, নাটোরের আদনান পরিবহনের একটি বাস নির্ধারিত নিয়ম না মেনে রাজশাহী-রংপুর পথে চলাচল করলে এই সমস্যা তৈরি হয়। পরে রাজশাহীতে নাটোরের সব বাস আটকে দেওয়া হয়। এর মধ্যে রাজশাহী থেকে ছেড়ে আসা সব বাস নাটোরে বন্ধ করে দেওয়া হয়।

মালিক সমিতির দ্বন্দ্বের জেরে বাস বন্ধ হওয়ায় ভোগান্তির কথা জানান সাধারণ যাত্রী ও বাসের কর্মচারীরা।

এদিন সকালে ঢাকা যাওয়ার উদ্দেশে নাটোর বাস টার্মিনালে আসেন নওগাঁর আত্রাইয়ের বাসিন্দা মিনহাজ আলী। বাস বন্ধ দেখে হতাশা প্রকাশ করে তিনি বলেন, “মেয়েকে নিয়ে এখন যাব কীভাবে।”

কুষ্টিয়ার বাসিন্দা একরামুল হাসান বলেন, “ছোট সন্তান অসুস্থ, স্ত্রীকে নিয়ে রাজশাহী যাচ্ছি। নাটোরে নামিয়ে দিল। এখন এত পথ কিভাবে যাব?”

সংকট ও সমস্যার কথা বলছিলেন দূরপাল্লার বাসের কর্মচারী আলামিন ইসলাম। বলেন, “দুই দিন কামাই বন্ধ থাকলে আমি কি খাব, আর বাচ্চা-কাচ্চাদের কি খাওয়াব?”

নাটোর জেলা বাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার মোবাইল ফোনে বলেন, “বৈঠকে সব দ্বন্দ্বের সমাধান হয়েছে। আমি এখন রাজশাহীতেই আছি। সব বাস চলাচল শুরু হয়েছে।”

মালিক সমিতির দ্বন্দ্বে নাটোর-রাজশাহী থেকে দূরপাল্লার বাস বন্ধ, ভোগান্তি