১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মালিক সমিতির দ্বন্দ্বে নাটোর-রাজশাহী থেকে দূরপাল্লার বাস বন্ধ, ভোগান্তি

নাটোরের আদনান পরিবহনের একটি বাস নির্ধারিত নিয়ম না মেনে রাজশাহী-রংপুর পথে চলাচল করাতেই সমস্যা তৈরি হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2026, 09:40 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

মালিক সমিতির দ্বন্দ্বের জেরে নাটোর ও রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। হঠাৎ বাস চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। 

বুধবার সকালের পর থেকে রাজশাহী থেকে নাটোর হয়ে চলাচলকারী বাস বন্ধ রয়েছে বলে জানান নাটোর জেলা বাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার। 

নাটোরের দূরপাল্লার বাসের কর্মচারীরা জানান, দুপুরের পর থেকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেটগামী দূরপাল্লার (ভিআইপি) বাস নাটোরে আটকে দেওয়ায় বন্ধ হয়ে গেছে। নাটোর ও রাজশাহীর মালিকানাধীন সব ধরনের আন্তঃজেলা বাস চলাচলও বন্ধ রয়েছে। 

তারা বলেন, নাটোরের আদনান পরিবহনের একটি বাস নির্ধারিত নিয়ম না মেনে রাজশাহী-রংপুর পথে চলাচল করাতেই সমস্যা তৈরি হয়েছে। রাজশাহীতে নাটোরের বাসগুলো আটকে দেওয়ার পর নাটোরের সংশ্লিষ্টরা রাজশাহী থেকে ছেড়ে আসা সব বাস বন্ধ করে দেয়। 

নাটোর বাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার বলেন, “একটি বাস চলাচলকে কেন্দ্র করে রোববার সন্ধ্যার পর রাজশাহী ও নাটোরের স্টাফদের মধ্যে একটু হাতাহাতিও হয়েছে। আজকে সকালে আবার তারা নাটোরের সব গাড়ি বন্ধ করে দিয়েছে। 

“ওরা বন্ধ করে দিলে আমরা কি চুপ করে বসে থাকব? আমরাও ওদের গাড়ি বন্ধ করে দিয়েছি। বসতে হলে নাটোরেই বসতে হবে, নাহলে কোনো সমাধান হবে না। আমাদের ওদের কাছে গিয়ে কেন ছোট হতে হবে। উনারা আসুক, আমরা বসে সমাধান করে ফেলব, এটা তো এক মিনিটের ব্যাপার।” 

এদিকে, মালিক সমিতির দ্বন্দ্বের জেরে বাস বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। 

নাটোর বাস টার্মিনালে ঢাকাগামী যাত্রী আল-আমিন হোসেন বলেন, “ঢাকা যাওয়ার জন্য পরিবার নিয়ে এসেছি। এসে দেখি বাস বন্ধ। এখন কিভাবে যাব? ছোট বাচ্চাদের নিয়ে এই গরমের মধ্যে কিভাবে ঢাকায় পৌঁছাব আল্লাহই জানেন।”