১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা: স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ২

এ মামলায় এজাহারভুক্ত চার আসামি আদালত থেকে জামিন নিয়েছেন।

সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা: স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ২
গোলাম মুক্তাদির (মুত্তাকিন) এবং আলমগীর হোসেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2026, 04:43 PM

Updated : 16 Sep 2026, 12:57 PM

সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া জামিন পেয়েছেন চার আসামি।

সোমবার এজাহারভুক্ত চার আসামি স্বেচ্ছায় রায়গঞ্জ আমলি আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক শুনানি শেষে তা মঞ্জুর করেন বেলে জানান সিরাজগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক রওশন ইয়াজদানি।

এ ছাড়া রোববার সন্ধ্যায় ও রাতে গ্রেপ্তার দুইজনকে আদালতে পাঠানোর কথা জানিয়েছেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান। তবে এখনো পলাতক রয়েছে নয় আসামি। 

গ্রেপ্তাররা হলেন- রায়গঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও রায়গঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির (মুত্তাকিন) (৪২) ও ক্যাফে ফাস্ট ফুডের দোকানদার রনতিথা গ্রামের বাবলু মিয়ার ছেলে আলমগীর হোসেন (২৫)।

জামিনে মুক্তি পাওয়ারা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও রায়গঞ্জের রনতিথা হাজীবাড়ির নাসির উদ্দিনের ছেলে রিয়াদ সেখ (৩৫), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও ধানগড়া গ্রামের বাবু মিয়ার ছেলে সিমান্ত তালুকদার (২২), এনসিপির ছাত্র সংগঠন জেলা ছাত্রশক্তির যুগ্ম সদস্যসচিব ও রায়গঞ্জ উপজেলা ছাত্রশক্তির সদস্যসচিব মো. সিফাত (২০) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও গ্রেপ্তার মুক্তাদিরের ছেলে জুবায়ের হোসেন (১৯)।

পলাতক আসামিরা হলেন- উপজেলার ধানগড়া বাগানবাড়ির সিরাজ উদ্দিনের ছেলে তমাল সরকার (৪০), ধানগড়ার পলাশ সরকারের ছেলে শ্রাবণ সরকার (২৩), রনতিথা গ্রামের মর্তূজার ছেলে মো. আশিক (২৩), ধানগড়া বাগানবাড়ির জাহিদুল ইসলামের ছেলে মো. জিসান (২৬), ধানগড়া মসজিদ বাড়ির বাবলু মিয়ার ছেলে মো. জনি (২৪)। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী।

এ ছাড়া ছাত্রদল কর্মী ও উত্তর ধানগড়ার বাবু তালুকদারের ছেলে প্রান্ত তালুকদার (২৪), যুবদল কর্মী ও রনতিথা উত্তরপাড়ার আলাউদ্দিনের ছেলে মো. মামুন (২৭), ওষুধ ব্যবসায়ী ও রনতিথা গ্রামের এনামুল মাস্টারের ছেলে মো. রাফিউল (২২) এবং রনতিথা গ্রামের ওয়ারেজ আলীর ছেলে আব্দুর রহমান (৩০) পলাতক রয়েছেন। 

পুলিশ পরিদর্শক রওশন ইয়াজদানি বলেন, সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলার মামলার চার সোমবার সকালে স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনামি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।  

তিনি বলেন, এ মামলার অপর দুই আসামি গোলাম মুক্তাদির ও আলমগীর হোসেনকে পুলিশ গ্রেপ্তারের পর আদালতে পাঠায়। তারা বর্তমানে কোর্ট হাজতে রয়েছেন। বিস্তারিত পরে জানা যাবে। 

অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, সংসদ সদস্যের গাড়িতে হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি আলমগীর হোসেনকে রোববার সন্ধ্যায় রায়গঞ্জ থানা পুলিশ এবং গোলাম মুক্তাদিরকে রাতে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

শনিবার সন্ধ্যায় উপজেলার ধানগড়া বাজারে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার-টিটিসির ভবন নির্মাণ সংক্রান্ত এক মতবিনিয় সভা থেকে বের হয়ে যাওয়ার সময় সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে একদল লোক হামলা চালায়।

এতে সংসদ সদস্যের গাড়ির পেছনের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার রাতেই বিএনপির স্থানীয় নেতা শামীমুল হাসান বাদী হয়ে মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়।

আরও পড়ুন  

সিরাজগঞ্জে সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলার ঘটনায় মামলা

সিরাজগঞ্জে এমপি আয়নুলের গাড়িতে হামলা-ভাঙচুর, অভিযোগ জামায়াত-এনসিপির বিরুদ্ধে